নির্বিঘ্নে ব্যবসার সুযোগ চাইলেন ব্যবসায়ীরা, পুলিশের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের শেষ দুই মাসে রাজধানীতে ৩১টি খুনের ঘটনা ও ৮৫টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের বক্তব্য জানতে চান।জবাবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় সন্তোষজনক। আমরা অপরাধমুক্ত হতে না পারলেও পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।’ তিনি দাবি করেন, পুলিশ এখন শক্তি প্রয়োগকারী কোনো বাহিনী নয়, সেবাধর্মী বাহিনী।গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় ওই সভা।সভার প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এমন প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকারের আমলে ধ্বংস করা হয়েছে। তিনি পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ সৃষ্টির চেষ্টা চলছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। তবে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশ সব সময় নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের সংসার চলে। তাই আমাদের একটা দায় আছে।’ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘কেউ কেউ বলেছেন, বেতন কম বলে পুলিশ ঘুষ খায়। এটা গ্রহণযোগ্য নয়।’ এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান বলেন, যানজটের কারণে পথে সময় অপচয় হওয়ায় ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে।বাংলাদেশ টেক্সটাইল মিলের সভাপতি আবদুল তাহির মজুমদার বলেন, রাস্তা ও ফুটপাতের ওপর থেকে হকার উচ্ছেদ করতে হবে। চট্টগ্রাম উইমেন চেম্বারের মনোয়ারা হাকিম আলী বলেন, অনেক নারী থানায় অভিযোগ করতে গিয়ে বিভ্রান্তির শিকার হন। তিনি থানায় নারীদের জন্য আলাদা অভিযোগকেন্দ্র স্থাপনের দাবি করেন।সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, বাংলাদেশ দোকানমালিক সমিতির সভাপতি আমির হোসেন, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু নাসের প্রমুখ বক্তব্য দেন।সভায় ব্যবসায়ী নেতারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে ফেনী, দাউদকান্দি, গৌরীপুর ও সীতাকুণ্ড এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের রপ্তানিমুখী কাভার্ডভ্যান এবং মালামাল ছিনতাই হচ্ছে। একই সঙ্গে তল্লাশির নামে পুলিশের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। এ ছাড়া ব্যবসায়ীরা যানজট সমস্যার নিরসন, রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ, মহাসড়কে পুলিশ বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্সে দুর্নীতি বন্ধ, পুলিশের দুর্ব্যবহার রোধ, পুলিশের বেতন বাড়ানো, নৌপথে ডাকাতি বন্ধে নৌ-পুলিশের ব্যবস্থা, আইনি সহায়তার জন্য থানায় নারীদের জন্য আলাদা ব্যবস্থাসহ বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। তাঁরা মহাসড়কে পণ্যবাহী পরিবহন ছিনতাই, চাঁদাবাজি ও তল্লাশির নামে পুলিশের হয়রানি বন্ধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।