নির্বিচারে কীটনাশক ব্যবহারে শিশুস্বাস্থ্য হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকসবজি ও ফলমূলে নির্বিচারে কীটনাশক ব্যবহারের কারণে শিশুস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। গতকাল সোমবার খেলাঘর আসরের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। তাঁরা শিশুদের স্বার্থে খাদ্যের আদর্শমান বজায় রাখতে একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানান।জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ‘বিষযুক্ত শাকসবজি ও ফলমূল: শিশুর স্বাস্থ্য সমস্যা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী। প্রবন্ধে বলা হয়, শাকসবজি ও ফলমূলে নির্বিচারে কীটনাশক ব্যবহারের কারণে শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যু ঘটছে। ছড়িয়ে পড়ছে জন্ডিস, পাকস্থলীর ক্ষত, নানা ধরনের চর্মরোগ। শাকসবজি ও ফলমূলে কীটপতঙ্গের আক্রমণ রোধে যেসব কীটনাশক ব্যবহূত হচ্ছে, তার মধ্যে উচ্চমাত্রায় সিসা ও পারদও রয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।আলোচনায় প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, শুধু আইন থাকলে বা ভেজালবিরোধী অভিযান চালালেই চলবে না, সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কীটনাশকযুক্ত শাকসবজি ও ফলমূলের কারণে কী কী রোগ হতে পারে, তা জানিয়ে বাজারে পোস্টার লাগানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।এশিয়াটিক সোসাইটির মহাসচিব ও খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম বলেন, আগামী দিনের সুস্থ জাতি গঠনে শিশুদের সুরক্ষা দিতে হবে। তিনি অবিলম্বে শিশুনীতি বাস্তবায়নের দাবি জানান।খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বারডেম হাসপাতালের গবেষক আবু সাঈদ বলেন, কীটনাশকের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় শিশুদের কী কী ভিটামিন ও অণুপুষ্টি দরকার, তা নিয়ে প্রচুর গবেষণা দরকার।উপসচিব রোকনউদ্দৌলা ভেজালবিরোধী অভিযানের অভিজ্ঞতা খেলাঘরের শিশুদের জানিয়ে তাদের সব ধরনের রঙিন খাবার খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিকার আন্দোলনের মহাসচিব নিতাই দাস, খেলাঘর আসরের ঢাকা মহানগর কমিটির সভাপতি খোদাদাদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে খেলাঘর আসর গড়ে তোলায় অবদান রাখার জন্য রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, শহীদুল্লা কায়সার, বজলুর রহমান প্রমুখের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।