আবদুস সালাম ছিলেন নির্ভীক ও পথিকৃৎ সাংবাদিক। তিনি শক্তিশালী লেখনীর মাধ্যমে বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাঁর মতো নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও মানুষের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ অবজারভার-এর সম্পাদক ও ভাষাসৈনিক আবদুস সালামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ জাতীয় প্রেসক্লাবে এই স্মরণসভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, আবদুস সালাম ছিলেন প্রকৃত সাহসী ও নির্ভীক সম্পাদক। তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়নের মধ্যেও সাহসের সঙ্গে বাঙালির প্রতি বৈষম্যের কথা লিখে গেছেন। এ জন্য তাঁকে জেলে যেতে হয়েছে। সম্পাদকের পদ হারাতে হয়েছে। তরুণ প্রজন্মকে তাঁর আদর্শকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেন, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও জহুরুল হকের মতো সাংবাদিকেরা জাতির সম্পদ।
সাবেক তথ্যমন্ত্রী মীজানুর রহমান শেলীর সভাপতিত্বে¼স্মরণসভায় আরও বক্তৃতা করেন নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কাজী রফিক, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, আবদুস সালামের ছোট মেয়ে রেহেনা সালাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন আবদুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরাম। সভায় স্মৃতি সংসদের পক্ষ থেকে আবদুস সালামের স্মরণে প্রেস ইনস্টিটিউট ও প্রেসক্লাবে একটি মিলনায়তন এবং ঢাকা ও তাঁর জন্মস্থান ফেনীতে সড়কের নামকরণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি