উত্তর সিটির গণশৌচাগার
নির্মাণ শেষে ঝুলছে তালা
নির্মাণের আড়াই বছরেও মিরপুর ১০ নম্বরের গণশৌচাগার চালু হয়নি। সাড়ে চার বছরের মাথায় ভাঙা পড়েছে আগারগাঁওয়ের শৌচাগারটি।
রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছেই ২০১৯ সালে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্মাণকাজ শেষের আড়াই বছরের বেশি সময় পার হলেও শৌচাগারটি এখনো চালু হয়নি। অব্যবহৃত শৌচাগারটিতে ময়লা-ধুলা জমে এখন প্রায় পরিত্যক্ত।
পথচারী ও নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনের (স্যানিটেশন) সুবিধা নিশ্চিত করতে ২০১৮ সালের জানুয়ারিতে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট কার্যালয়ের কাছে এমন আরেকটি গণশৌচাগার চালু করেছিল ডিএনসিসি। সড়ক সম্প্রসারণকাজের জন্য সাড়ে চার বছরের মাথায় গত এপ্রিলে সেটি ভেঙে ফেলা হয়েছে।
মিরপুর ১০ নম্বর এলাকার গণশৌচাগারটির অবস্থান ডিএনসিসির অঞ্চল-৪–এর কার্যালয়ের পাশেই। গতকাল বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, বর্জ্য পরিবহনের যানবাহন রাখার জায়গায় নির্মাণ করা হয়েছে আধুনিক গণশৌচাগারটি। কিন্তু শৌচাগারের প্রবেশপথ (কেচিগেট) তালাবদ্ধ। ভেতরে নারী ও পুরুষের পৃথক অংশের দরজায় মাকড়সা জাল বিছিয়ে রেখেছে। ভেতরে থাকা পানির ফিল্টার, হাত ধোয়ার বেসিন, রক্ষণাবেক্ষণকারীর বসার চেয়ার-টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবে ধুলার আস্তর জমেছে।
ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী মাসুম আলী বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে এটি বন্ধ অবস্থাতেই আছে। পথচারীদের অনেকেই চালু মনে করে আসেন, কিন্তু বন্ধ দেখে ফিরে যান।
ডিএনসিসির জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের এপ্রিলে শৌচাগারটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয় ওই বছরের আগস্টে। নির্মাণে ২৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় হয়।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, চালু না হওয়ার কারণ বলতে পারবেন না তিনি। তবে পরিবেশ সার্কেল থেকে প্রায় তিন মাস আগে এটি সম্পত্তি বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরই অঞ্চল-৪–কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
ডিএনসিসি অঞ্চল-৪–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবেদ আলী চিঠি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, শৌচাগার পরিচালনার নির্দেশিকা অনুযায়ী চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শৌচাগারটি নির্মাণ করা হয়েছিল ঢাকা উত্তর সিটির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল থেকে। হস্তান্তরে দেরির বিষয়ে পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।
এদিকে গতকাল আগারগাঁওয়ে পাসপোর্টের কার্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, গণশৌচাগারটি ভেঙে ফেলা হয়েছে। সড়ক প্রশস্তকরণ, সংস্কার ও নির্মাণের কাজ চলছে পুরোদমে। শৌচাগারের জায়গায় এখন পাসপোর্টের বিভিন্ন কাজ করানোর অস্থায়ী দোকান।
ওই এলাকার চা বিক্রেতা আবুল হোসেন বলেন, পাসপোর্টের কাজে আসা অনেকেই শৌচাগারটি ব্যবহার করতেন। এখনো অনেকেই এসে খোঁজ করেন। আশপাশে আর কোথাও এমন শৌচাগার আছে কি না, সেটাও জানতে চান।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলছেন, ‘ক্ষতিগ্রস্ত সড়ক, নর্দমা, ফুটপাত নির্মাণ ও উন্নয়নসহ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কটিকে (আগারগাঁও-শিশুমেলা) ছয় লেনের সড়কে উন্নীত করা হচ্ছে। এ কারণেই শৌচাগারটি ভাঙতে হয়েছে।
ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী প্রকৌশলী ও উন্নয়নকাজের প্রকল্পের পরিচালক ফারুক হাসান মো. আল মাসুদ প্রথম আলোকে বলেন, সাময়িকভাবে ভ্রাম্যমাণ শৌচাগারের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। তবে প্রকল্পের আওতায় যেখানে বাস বে হবে, সেখানে যাত্রীছাউনির সঙ্গে শৌচাগারও নির্মাণ করা হবে।