পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজ তিন বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে পাঠদানসহ বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া এবং প্রকল্পের খাত বদল হওয়ার কারণে নির্মাতা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দাবি করে এবং বিষয়টির সুরাহা না হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে আরবিট্রেটর সম্প্রতি যে রায় দিয়েছেন, তা নিয়েও মতানৈক্য সৃষ্টি হয়েছে।পাঁচ তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০০২-২০০৩ অর্থবছরে। রেজা কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ১৫ কোটি ৭৭ লাখ টাকার ওই কাজ পায়। নির্মাণকাজ শেষে ২০০৭ সালের ১২ অক্টোবর ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা ছিল। গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী বিজয় কুমার মণ্ডল প্রথম আলোকে জানান, প্রকল্পের খাত পরিবর্তন এবং নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যেতে অনীহা প্রকাশ করে। পরে সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে তখন আরবিট্রেটর নিয়োগ করা হয়েছিল। আরবিট্রেটর সিদ্ধান্ত না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। তবে গণপূর্ত অধিদপ্তরের বর্তমান এক উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ূন কবির বলেন, আরবিট্রেটর বেশি টাকা দাবি করায় তাঁকে বাদ দেওয়া হয়েছিল।গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করা হলে রেজা কনস্ট্রাকশনের প্রকৌশলী আবদুর রউফ প্রথম আলোকে জানান, তাদের ক্ষতিপূরণের দাবির পরিপ্রেক্ষিতে নিযুক্ত আরবিট্রেটর সম্প্রতি রায় দেন। এতে দুই মাসের মধ্যে ঠিকাদারের দাবি পূরণ করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া নতুন করে দরপত্র আহ্বানেরও সিদ্ধান্ত দেন। প্রকৌশলী আবদুর রউফ জানান, এখন ক্ষতিপূরণ দেওয়া এবং ভবন নির্মাণের পরবর্তী দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। তবে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী প্রথম আলোকে জানান, আরবিট্রেটর যে রায় দিয়েছেন, তা অধিদপ্তর মেনে নেয়নি। তবে তাঁরা সার্বিক বিষয় সমাধানের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে রেজা কনস্ট্রাকশনের প্রতিনিধি এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, ভবনটি নির্মাণের জন্য সব ধরনের চেষ্টা তাঁরা চালাবেন।কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজহার প্রথম আলোকে জানান, ভবন নির্মাণের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। বৃহত্তর স্বার্থে নতুন একাডেমিক ভবনের নির্মাণ জরুরি। ভবনটির নির্মাণ থমকে যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনের পর সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয়, কাজটি যথাসময়ে সম্পন্ন করতে হলে বিষয়টি নিষ্পত্তি করা জরুরি। বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি চলতে থাকে। কিন্তু কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি অভিযোগ ছিল, বিলম্বে কাজ শুরু। গণপূর্ত অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে লেখা এক চিঠিতে এর কারণ হিসেবে বলেছিল, প্রকল্পের পাশে থাকা কর্মচারীদের স্থানান্তর করতে গিয়ে নির্ধারিত সময়ের আট মাস পরে নির্মাণকাজ শুরু হয়। সর্বশেষ ২০০৭ সালের ১২ মে রেজা কনস্ট্রাকশন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে এক চিঠিতে ক্ষতিপূরণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিল।