পুরান ঢাকার লালবাগের আমলিগোলা মাঠে নির্মাণকাজের ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মাঠটি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেখানে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। তিন সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সচিব, ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, আমলিগোলা (ঈদগাহ/শিশুপার্ক) মাঠটি রক্ষার নির্দেশনা চেয়ে সাবেক জাতীয় ফুটবলার ও স্থানীয় বাসিন্দা মো. রিয়াজউদ্দিন হাইকোর্টে গতকাল রিট আবেদন করেন। আদালতে আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ ও সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।এদিকে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বগুড়ার মহাস্থানগড়সংলগ্ন ‘নেতাই ধোপানীর পাট’ কেটে রাস্তা নির্মাণের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাসহ পাঁচজনকে ৩০ জানুয়ারি হাইকোর্টে তলব করা হয়েছে। এ ব্যাপারে তাঁদের ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। গতকাল রোববার ওই আদালত এ আদেশ দেন।জানা যায়, গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। এর পরও সেখানে রাস্তা নির্মাণের কাজ চলছে, এমন অভিযোগ এনে মানবাধিকার সংগঠনটি এ বিষয়ে গতকাল রোববার একটি আবেদন করে।