নির্মাণক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে ত্রুটিপূর্ণ নকশার কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের ত্রুটিপূর্ণ নকশা এবং বিধিমালা অনুসারে নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়া নির্মাণক্ষেত্রে দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনা এড়াতে বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ অপরিহার্য। নির্মাণশিল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গোলটেবিল বৈঠকে গত মঙ্গলবার বক্তারা এ অভিমত দেন। ফোরাম ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেলেটক্ লাউঞ্জে ওই গোলটেবিলের আয়োজন করে। গোলটেবিলের সঞ্চালক ও আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী আনিসুদ্দিন ইকবাল বলেন, ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে নির্মাণক্ষেত্রে ৭৪৭ জন শ্রমিক মারা গেছেন, আহত হয়েছেন এক হাজার ৭৪ জন। নির্মাণক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে দীর্ঘ মেয়াদে সচেতনতা বাড়ানো দরকার।প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, রাজধানীতে ফুটওভার ব্রিজ ধসে মানুষ মারা যায়, র‌্যাংগস ভবন ভাঙার সময় অথবা একটি সামান্য সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিক মারা যায়। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখা হয় কিংবা ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, অথচ এগুলো দেখার যেন কেউ নেই।স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান স্থপতি আহসানুল হক খান নিয়ম মেনে স্থাপনা নির্মাণের ওপর জোর দেন।শ্রমিকনেতা আবদুল মুকিত খান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা থেকে সব পর্যায়ের অনুমোদন টাকার বিনিময়ে করা যায়। দুর্নীতি প্রতিরোধ করা না গেলে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (অপারেশন) ভরত চন্দ্র বিশ্বাস বলেন, ভবন নির্মাণের সময় পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেওয়া হয়েছে—এ ধরনের সনদ নেওয়া বাধ্যতামূলক করা দরকার।গোলটেবিলে আরও বক্তৃতা করেন রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক, বেসরকারি সংগঠন সেফটি অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (ইনসাব) সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তৌফিক এম সেরাজ গোলটেবিলে উপস্থিত ছিলেন।