নির্মাণপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীর বনানীর একটি আবাসন নির্মাণপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে পুলিশ গতকাল বুধবার সকালে রজ্জবা বেগম (৩৫) নামের এক নারীকর্মীর লাশ উদ্ধার করেছে। তাঁর মাথাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক। গুলশান থানার পুলিশ জানায়, রজ্জবা বনানীর ১৭ নম্বর সড়কের ২১ নম্বরে অবস্থিত আবাসন নির্মাণপ্রতিষ্ঠান ভারটেক্স বিল্ডার্স লিমিটেডের ঝাড়ুদার ছিলেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সহকর্মীরা ওই ভবনের দ্বিতীয় তলায় ময়লা রাখার স্থানের পাশে রজ্জবার লাশ দেখতে পান। গুলশান থানায় জানানো হলে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত রজ্জবার ছেলের বরাত দিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে জানান, রজ্জবা ও তাঁর ছেলে সাইফুল ইসলাম একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। সাইফুল ওই প্রতিষ্ঠানের পিয়ন। গত সোমবার রজ্জবা কাজ শেষে বাসায় যাওয়ার কথা বলে বের হন। সন্ধ্যার পর সাইফুল মহাখালীর কড়াইল বস্তি ঘরে গিয়ে তাঁর মাকে পাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। ওসি জানান, রজ্জবার শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হয় তিনি ওই ভবনের ওপর থেকে পড়েছিলেন। এ মৃত্যু নিয়ে তাঁর ছেলের কোনো অভিযোগ নেই। তবুও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।