নির্মাণশ্রমিক ও গৃহবধূসহ ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ও পাইলিং করার সময় একজন করে মারা গেছেন। এ ছাড়া পুলিশ এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে।পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বিজয়নগরের একটি বহুতল ভবনের ১০ তলায় কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে যান নির্মাণশ্রমিক ইমন (২২)। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।একই দিন সকালে গুলশান ১-এর ২ নম্বর সড়কের পাশে একটি বাড়িতে পাইলিং করার সময় পাশে থাকা লোহার বড় পাইপ পড়ে অলিউল করিম (২৩) ও কামাল হোসেন (২২) নামের দুই কর্মী গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অলিউল মারা যান। অলিউলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুরে। তাঁর বাবার নাম রেজাউল করিম।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ কামরাঙ্গীরচর বেড়িবাঁধ-সংলগ্ন সেতুর পূর্ব পাশের ময়লার স্তূপের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, যুবকের পরনে সবুজ রঙের চেক লুঙ্গি ও সাদা হাফ গেঞ্জি রয়েছে।এ ছাড়া গতকাল সকালে পুলিশ কাফরুল থানার সেনপাড়া পর্বতার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল মিয়ার বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর স্ত্রী জেসমিন আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ওই বাসা থেকে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে। বাসার দরজা খোলা ছিল। ওসি জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঘটনাটি আত্মহত্যাজনিত। জেসমিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায়। তাঁর বাবার নাম সুলতান আহমেদ।গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ইডেন মহিলা কলেজের হোস্টেল সুপারের কোয়ার্টারের বাথ রুমের দরজা ভেঙে বাথ হ্যাঙ্গারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী রিনা আক্তারের (১৪) লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। গৃহকর্মী রিনার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ার জাহাজ মারায়।ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এসব ঘটনায় পাঁচটি থানায় পৃথক পাঁচটি অপমৃত্যুর মামলা হয়েছে।