নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার, মাথা-চোয়ালে আঘাতের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর মল্লিকা হাউজিং এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার আবদুল কুদ্দুস (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে।পল্লবী থানা সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মল্লিকা হাউজিং এলাকার নির্মাণাধীন দুই তলা একটি বাড়ির নিচতলা থেকে কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।পুলিশ জানায়, কুদ্দুস নির্মাণাধীন ওই বাড়ির নিচতলায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দাওয়ায়। তাঁর বাবার নাম মোফাজ্জল সিকদার।মিনিবাসের ধাক্কায় বাসচালকের মৃত্যু: সকালে গাবতলীতে ৮ নম্বর রুটের একটি মিনিবাস আয়নাল হক (৫৫) নামের এক বাসচালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।দারুসসালাম থানার ওসি খলিলুর রহমান বলেন, ভোরে আয়নাল দিনাজপুর থেকে বাসে যাত্রী নিয়ে গাবতলীতে আসেন। যাত্রী নামিয়ে বাসায় ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। আয়নালকে ধাক্কা দিয়ে মিনিবাসটি পালিয়ে যায়। আয়নাল মিরপুর ১ নম্বরের ৩ নম্বর ব্লকের ১৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম আলী আহমেদ।