ছয়টি নির্মাতা প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গুলশান এলাকায় নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত গুলশান-২ নম্বর এলাকায় অভিযান চালান। আদালত এএনজেড আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের দুটি প্রকল্পের প্রতিটিকে ২০ হাজার টাকা করে, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনকে ২০ হাজার টাকা, এ ছাড়া আরও দুটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া নির্মাণাধীন একটি চায়নিজ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, নির্মাণসামগ্রী রাস্তা ও ফুটপাতে ফেলে রেখে জনচলাচলে দুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিটি করপোরেশন আইনের ১৫০-এর ৭ ধারায় এ জরিমানা করা হয়েছে।