নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু
রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গতকাল বুধবার বিকেলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সকালে মতিঝিল থানাধীন শহীদবাগের একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। সে বাঁশ বেয়ে ওই ভবনের ওপরে ওঠার চেষ্টা করছিল বলে জানা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, হাজারীবাগে ভবন থেকে পড়ে গতকাল বিকেলে নিহত হয়েছেন রডমিস্ত্রি মো. ফরহাদ (৩৭)। হাজারীবাগ বায়তুল সালাম মসজিদসংলগ্ন একটি ভবনের ছয়তলায় রডের কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদীতে।এদিকে গতকাল সকালে শাহজাহানপুরের শহীদবাগে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের নিচতলা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের পরনে ছিল কালো থ্রি কোয়ার্টার প্যান্ট ও সাদা-নীল চেক শার্ট। গতকাল দুপুরে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।স্থানীয় ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে মতিঝিল থানার পুলিশ জানায়, ভোর চারটার দিকে ৯২৫/বি শহীদবাগের নির্মাণাধীন ওই বাড়িটির বাঁশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল এক কিশোর। তাকে দেখে নিরাপত্তাকর্মী হেলাল মিয়া বাঁশি বাজালে ওই কিশোর তড়িঘড়ি করে নামতে গিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।