নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদিত নকশা এড়িয়ে ভবনের বর্ধিত অংশ নির্মাণ এবং নানা অবৈধ উপায়ে নির্মাণাধীন স্থাপনার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত আবার অভিযান শুরু করেছেন। গতকাল বুধবার শুরু হওয়া এই অভিযানে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে অনলাইন প্রপার্টিজ লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রকল্প ব্যবস্থাপককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এ ছাড়া, গতকাল হাতিরপুলে রাস্তার ওপর নির্মাণাধীন একটি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান ও ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে গতকাল এই অভিযান চলে। অভিযানে ২০ জন পুলিশ সদস্য অংশ নেন। রাজউক সূত্র জানায়, কাঁঠালবাগানের ২০৭ ফ্রি স্কুল স্ট্রিটে অনলাইন প্রপার্টিজ লিমিটেড ছয়তলা একটি ভবন নির্মাণ করছিল মাস কয়েক ধরে। ভবনটির চারতলা পর্যন্ত নির্মিত হয়েছে। নিচতলা থেকেই অনুমোদিত নকশার বাইরে ভবনের সামনে চার ফুট এবং পেছনে দুই ফুট করে অবৈধ বর্ধিত অংশ নির্মাণ করা হচ্ছিল। গতকাল ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন ভবন এলাকায় গেলে নির্মাণশ্রমিকেরা সরে যান। প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন ভেতরেই ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থাপককে গ্রেপ্তার করে ১৫ দিনের জেল দেন। এ ছাড়া, ভবনের বর্ধিত অংশ এক মাসের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে হাতিরপুল মসজিদের পাশে রাস্তার ওপর নির্মিত একটি অবৈধ স্থাপনা ভেঙে দেয় রাজউক। স্থাপনাটি দোকানঘর হিসেবে তৈরি করা হচ্ছিল। রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে জানান, গতকালের অভিযানের মধ্য দিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনার বিরুদ্ধে রাজউকের যে অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।