নির্মাণাধীন লিফটের গর্তে শিশুর মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সাজিদ খান নামের পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। মিরপুরের ভাষানটেকে গতকাল সোমবার সকালে নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ইদানীং একের পর এক শিশু হত্যার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুসারে সারা দেশে চলতি বছর ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩ দিনে ৩০ শিশুকে হত্যা করা হয়েছে। মুক্তিপণ, পারিবারিক বিরোধসহ বিভিন্ন কারণে এসব শিশুকে অপহরণ করে হত্যা করা হয়। এর মধ্যেই শিশু সাজিদের মৃত্যুর ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, দুর্ঘটনাবশত লিফটের ফোকরে পড়ে শিশুটি মারা যায়। সাজিদের বাবা-মা এ বিষয়ে থানায় অভিযোগ করতে রাজি হননি। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে গেছেন।
পুলিশ জানায়, শিশুটির বাবা ওসমান খান বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁরা নির্মাণাধীন বিআরবি কমপ্লেক্সের পাশের ভবনে থাকতেন। সাজিদের বাবা ওসমান খানের বন্ধু সোহরাব হোসেন বলেন, রোববার বেলা একটার দিকে শিশুটি খেলতে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম আসাদুজ্জামান জানান, গতকাল সকাল আটটার দিকে ভাষানটেক থানার পাশের নির্মাণাধীন বিআরবি কমপ্লেক্সের লিফটের ফোকর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওই ভবনে লিফট বসানোর কাজ চলছিল। লিফট বসানোর ওই গর্তে পানি জমে ছিল।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাচ্চার অভিভাবকেরা কেউই এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করতে রাজি ছিলেন না। তবুও একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। শিশুটির লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে গেছে তার পরিবার।
জানতে চাইলে ওসি বলেন, দুর্ঘটনাবশত শিশুটি গর্তে পড়ে মারা গেছে বলে মনে হচ্ছে। শিশুটি চঞ্চল ছিল। গতকাল খেলতে বের হয়ে শিশুটি নিখোঁজ হয়। ওই ভবনের যে গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, সেটিতে চার ফুটের মতো পানি ছিল। শিশুটির শরীরে কোনো সন্দেহজনক দাগ ছিল না। তাই সবার ধারণা হয়েছে, খেলতে গিয়ে সেখানে পড়ে শিশুটি মারা গেছে।