নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা এলাকায় গত বুধবার রাতে স্বামীর নির্যাতনে রুমা (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই ঘটনায় রুমার স্বামী মো. নয়নকে গ্রেপ্তার করেছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, রুমা স্বামী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের সঙ্গে মগবাজারের নয়াটোলার চেয়ারম্যান গলির এক বাসায় থাকতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত রোববার রুমা ওই কারখানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নয়াটোলার বাসায় নিয়ে যান। গত বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মগবাজারের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান।ওসি জানান, ঘটনার পর রুমার বাবা সালামত উল্লাহ ও মা সালেহা বেগম থানায় এসে অভিযোগ করেন, যৌতুকের জন্য রুমার স্বামী মো. নয়ন তাঁকে প্রায় সময় মারধর করতেন, এমনকি অসুস্থ হওয়ার দিন তাঁকে বেদম প্রহার করা হয়েছিল। আর এতেই অসুস্থ হয়ে রুমা মারা গেছেন। ওসি আরও জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ বুধবার রাতেই মো. নয়নকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে সালেহা বেগম বাদী হয়ে মো. নয়নের বিরুদ্ধে হত্যা মামলা করলে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. নয়ন বিভিন্ন সময়ে রুমাকে চড়থাপ্পড় মারার কথা স্বীকার করলেও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। ওসি আরও জানান, তবে চড়থাপ্পড় মারার কারণ নয়ন স্পষ্টভাবে বলতে পারেননি। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। রুমার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।রুমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে এবং তাঁর স্বামী মো. নয়নের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার কচুয়া গ্রামে।