নির্যাতিত নারীদের জন্য আরও ৫টি সহায়তা কেন্দ্র তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নির্যাতনের শিকার নারীরা আইনি সহায়তা নেওয়ার পরও নিরাপত্তাহীনতায় ভোগেন। সরকার তাঁদের জন্য বর্তমানের ছয়টি সহায়তা কেন্দ্রের পাশাপাশি আরও পাঁচটি কেন্দ্র তৈরি করছে।গতকাল মঙ্গলবার পারিবারিক সহিংসতাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এশিয়া ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন।প্রতিমন্ত্রী বলেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের বিধিমালা চূড়ান্তকরণের কাজ চলছে। তবে বিধিমালা না থাকলেও এ আইন প্রয়োগে কোনো প্রতিবন্ধকতা নেই। নারী নির্যাতন প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।সেমিনারে জানানো হয়, বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে নির্যাতনের শিকার নারীদের জন্য সহায়তা কেন্দ্র রয়েছে। আর নোয়াখালী, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা ও রংপুরে নতুন পাঁচটি সহায়তা কেন্দ্র স্থাপনের কাজ চলছে।সেমিনারে পৃথক তিনটি প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো এম এ মান্নান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। সেমিনারে স্বাগত বক্তব্য দেন সাংসদ মাহবুব আরা গিনি। অন্যান্য সাংসদও এ সময় বক্তব্য দেন।বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে আইন থাকলেও এসব আইনের প্রয়োগ তেমন নেই। এসব আইনি সহায়তা কীভাবে পাওয়া যায়, সর্বোচ্চ শাস্তি কী তা-ও অনেকে জানে না। নারী সাংসদেরা এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ এলাকায় কাজ করতে পারেন। বিজ্ঞপ্তি।