নির্যাতিতদের পরিবারের হেনস্তার কথা শুনে প্রতিমন্ত্রীর বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি রোজী (ছদ্মনাম)। আমাকে শয়তানে পাশের বাসায় নিয়ে নষ্ট করসে। হাসপাতাল থেকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসার পর মামলা করেন বাবা। এতে ছেলেটি ক্ষিপ্ত হয়ে বাবার নামে ১০টিরও বেশি মামলা করলো। তারা আজও বাইরে ঘুরতেসে, আর আমার বাবা দুই মাস জেল খেটে মাত্র বেরিয়েছে।’নির্যাতনের শিকার নারীরা সুবিচার তো পাচ্ছেই না, বরং মামলা করার কারণে উল্টো তাদের পরিবারকেই হেনস্তা করা হচ্ছে। টাকার বিনিময়ে মীমাংসা করতে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে কারাগারে পাঠানোর মতো ঘটনাও ঘটছে। গতকাল বৃহস্পতিবার এক সেমিনারে ভুক্তভোগীরা এ ধরনের তথ্য জানালে প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বিস্ময় প্রকাশ করেন। সংস্থার তত্ত্বাবধানে বর্তমানে যে কয়টি মামলা রয়েছে, সেগুলো মন্ত্রণালয় থেকে সরাসরি পর্যবেক্ষণে রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ শীর্ষক ওই সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে নারী নির্যাতনের পরিমাণ কমছে না। যৌতুক, ধর্ষণ, এসিড-সন্ত্রাসের শিকারে পরিণত নারীরা সমাজে নিপীড়নের শিকার হয় প্রতিনিয়ত। এর আগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন নারী নির্যাতন পরিস্থিতি এবং জাতীয় মহিলা সংস্থার কাজের ক্ষেত্রগুলো তুলে ধরেন। জুন থেকে নভেম্বর ২০০৯-এর মামলার ওপর নির্ভর করে নির্যাতনের মাত্রা ও ধরনগুলো উল্লেখ করেন তিনি। গবেষণা মতে পাঁচ হাজার ৭৮৯টি মামলা হয়েছে। এর মধ্যে যৌতুকের কারণে নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি। গত বছর দায়ের করা দুই হাজার ৩৭২টি মামলার মধ্যে নিষ্পত্তি হওয়া ১৮০ মামলায় শাস্তি হয়েছে মাত্র ৪১টিতে। কম সাজা হওয়ার জন্য মামলা করার পর স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততাকেই দায়ী করেন তিনি।জাতীয় মহিলা সংস্থা দ্বারা পরিচালিত সব কটি ওসিসিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, একজনও যেন এই বর্বরতার শিকার না হয়, তেমন পরিবেশ সৃষ্টি করাই নারী আন্দোলনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিকে সহায়তা দেওয়ার তিন মাস পর পর খবর নেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে অনুরোধ করেন তিনি।শারীরিক নির্যাতন ও প্রেমের প্রতারণার শিকার হওয়া অনেক কিশোরী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করার সময় মিলনায়তনের সবাই স্তব্ধ হয়ে যায়। নির্যাতনের শিকার ছয়জন বলেন, ‘আমরা বিচার পাই না। আমরা শুধু বিচার চাই।’নির্যাতনের শিকার ব্যক্তিকে কম সময়ে সহায়তা দিতে সংস্থার দুটি হেলপ লাইন চালু রয়েছে। এ দুটো ফোন নম্বরের প্রচার চালানোর জন্য গণমাধ্যমকে অনুরোধ করেন সেমিনারের ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম। নম্বর দুটো হলো: ০১৭৩০৪৪৩০৫২, ০১৭৩০৪৪৩০৫৪।