নির্যাতিতা অনেককে স্বামীরা গ্রহণ করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর নির্যাতনের শিকার ২৩ হাজার নারীর গর্ভপাত করা হয়েছিল, যাঁদের অনেককে তাঁদের স্বামীরা গ্রহণ করেননি। অনেক নির্যাতিত নারীকে মেরে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বীরাঙ্গনার জবানিতে একাত্তরের দুঃসহ স্মৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ চর্চা কেন্দ্রের আহ্বায়ক আবু মো. দেলোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের বিজয় ও স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নিয়ে বীরাঙ্গনা আছিয়া বেগম ও রাহেলা বেগম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অত্যাচারের বর্ণনা দেন।আছিয়া বেগম বলেন, ‘পাকিস্তানি বাহিনী আমাদের বাড়ি পুড়িয়ে দিয়ে দুই ভাইকে হত্যা করেছিল। আমার শিশুসন্তানকে ছুড়ে ফেলে দিয়ে আমাকে ধর্ষণ করেছিল।’ তিনি বলেন, ‘এখন আমি পঙ্গু। খাবার ও সামান্য ওষুধ কেনারও টাকা নেই। সরকার প্রতিশ্রুতি দিয়েও কোনো সাহায্য-সহযোগিতা করেনি।’ আছিয়া জানান, তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন।রাহেলা বেগম বলেন, ‘আমি তখন খোকসাবাড়ী বাজার এলাকায় মা-বাবার সঙ্গে মুক্তিযোদ্ধাদের জন্য রুটি বানানোর কাজে সাহায্য করছিলাম। হঠাৎ রাজাকাররা পাকিস্তানি বাহিনীকে আমাদের চিনিয়ে দেয়। তখন আমাকেসহ আরও দুজনকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। একপর্যায়ে আমরা অজ্ঞান হয়ে পড়ি।’ তিনি বলেন, এ ঘটনা শুনে স্বামী তাঁকে গ্রহণ করেননি।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাবদ বর্তমান সরকার খেতাবের ক্রমানুসারে যথাক্রমে আট, ১০, ১২ ও ১৪ হাজার টাকা নির্ধারণ করেছে, যা আগামী বছর থেকে কার্যকর করা হবে। প্রতিমন্ত্রী বলেন, নিগৃহীত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ২০৮ কোটি টাকার প্রকল্প এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ৬৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্জিত অর্থের মাধ্যমে ২০১৪ সালের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।সভাপতির বক্তব্যে মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বীরাঙ্গনা রাহেলা ও আছিয়া বেগমের মতো দেশের আনাচকানাচে একাত্তরে অসংখ্য নির্যাতিত নারী আছেন, যাঁদের খবর আমরা জানি না। তাঁদের খুঁজে বের করে “বীরমাতা” উপাধি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।