নিশাত ও ওয়াসফিয়াকে সংবর্ধনা দিল নারী সাংবাদিক কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের দুজন নারী এভারেস্টের শীর্ষে। এই সাফল্য গর্বিত করেছে আমাদের। নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের এই অভিযান সবাইকে অনুপ্রাণিত করেছে। দেশের মানুষ আরও উদ্দীপ্ত, আরও উদ্যমী হয়েছে।’মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এ সংবর্ধনা সভার আয়োজন করে।‘মানুষের ভালোবাসায় আমরা অভিভূত’—অনুষ্ঠানের শুরুতেই এ কথা বলেন নিশাত মজুমদার। তিনি বলেন, ‘আমাদের এভারেস্ট জয়ের পর অনেকেই পর্বতারোহণ নিয়ে আগ্রহী হয়েছেন। এটি ইতিবাচক দিক।’ওয়াসফিয়া নাজরীন বলেন, ‘নিজেদের সাহসে ও উদ্যোগে আমরা দুজন এভারেস্ট জয় করেছি। আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না; ভবিষ্যতেও থাকবে না।’বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে নিশাত ও ওয়াসফিয়াকে ফুলের তোড়া আর চিত্রকর্ম উপহার দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘নিশাত ও ওয়াসফিয়ার অদম্য সাহস সবাইকে সাহসী করে তুলেছে। আশা করব, দেশের জন্য সচেতনতামূলক প্রচারণায় তাঁরা অংশ নেবেন।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা।