‘নিশ্বাসে বিষ কেউ শখ কইরা নেয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোয়ার সঙ্গে বালু আর সিমেন্ট পানি দিয়ে মেশানোর কাজ করতে হয় তাঁদের
ছবি: প্রথম আলো

রাজধানীর খিলক্ষেতে একটি বাড়ির ছাদ ঢালাই হচ্ছে সকাল থেকে। ফ্লোর সাটারিংয়ের কাজ একবারে শেষ করতে হয়, তাই বিকেলের আগে কারও বসার সুযোগ নেই। নারী নির্মাণশ্রমিকদের রাখা হয়েছে নিচতলায় জোগালি হিসেবে। এক ভাগ শ্রমিক ছাদে, আরেক অংশ নিচে কাজ করছে।

দূর্বা রানী দাসের ইদানীং রাতে কাশি হয়
ছবি: প্রথম আলো

ইট ভেঙে খোয়া করা হয়েছে কয়েক দিন আগে। তখন চারপাশে লাল গুঁড়া ছড়িয়েছে। ঢালাইকাজের পানি পেয়ে লাল রঙের তরল গড়াচ্ছে পথ দিয়ে। পানিতে মেশার আগে এই শুকনা গুঁড়া ছড়িয়েছে বাতাসে। দিনভর যাঁরা খোয়া ভেঙেছেন, তাঁদের শরীরও লাল গুঁড়ায় মিলেমিশে গিয়েছে। আর যেটুকু দেখা গেল না, তা হচ্ছে যতক্ষণ কাজ করেছেন, ততক্ষণই এই গুঁড়া তাঁদের নিশ্বাসের সঙ্গে ঢুকছে ফুসফুসে।

ঢালাইয়ের সময় শ্রমিকেরা পরিচ্ছন্ন হওয়ার সুযোগ পান সারা দিন পর
ছবি: প্রথম আলো

এখন চলছে খোয়ার সঙ্গে বালু আর সিমেন্ট পানি দিয়ে মেশানোর কাজ। বড় মেশিনের ভেতর ঢেলে দেওয়া হচ্ছে একেক ঝাঁকা সামগ্রী। সিমেন্ট ঢালার পর মুহূর্তে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যাচ্ছে মানুষগুলো। তাঁদের আর স্পষ্ট দেখা যাচ্ছে না। এক টানে সিমেন্টের বস্তার মুখ খুলতেই বাতাসে ছড়িয়ে যাচ্ছে। সে বস্তা মাথায় করে নিয়ে ঢেলে দেওয়া হচ্ছে মিশ্রণযন্ত্রের ভেতর। তখন পুরো জায়গার বাতাস সিমেন্টে আচ্ছন্ন। কাজের তদারককারীরা করোনা–সতর্কতা ও ধুলা থেকে রক্ষা পেতে মাস্ক পরে আছেন। তবে নির্মাণশ্রমিকদের পক্ষে মাস্ক নাকে দিয়ে কাজের কথা ভাবা অসম্ভব।

সিমেন্ট-বালুর ধুলা উড়ছে। এরই মধ্যে করতে হচ্ছে কাজ
ছবি: প্রথম আলো

দূর্বা রানী দাস মাত্র এক বস্তা সিমেন্ট ঢেলে দিয়ে হাঁপ টানলেন। কাশলেন মুখে আঁচল দিয়ে। সকাল আটটা থেকে কাজ শুরু করেছেন। বিকেল পাঁচটায় শেষ হলে একবারে হাত-মুখ ধুয়ে তারপর খাওয়া। দূর্বা রানীকে অনুরোধ করে একপাশে ডেকে জানতে চাওয়া হলো, কাজটা প্রতিদিন করেন কি না। তিনি জানালেন, খোয়া প্রস্তুত থেকে শুরু করে মিশ্রণযন্ত্রে সিমেন্ট দেওয়া পর্যন্ত জোগানের কাজ করেন। দিনপ্রতি আয় ৫০০ টাকা। ধুলা আর সিমেন্টের জন্য কাশি দিলেও এখন তা গোপন করতে হয়। কাজের মধ্যস্থতাকারী ঠিকাদার করোনা মনে করে তাঁকে অব্যাহতি দিতে পারেন বলে ভয় পান। তাহলে গোটা পরিবারকেই না খেয়ে থাকতে হবে।

কিছুদিন ধরে তাঁর একটু একটু কাশি হয়, তবে এ নিয়ে মাথা ঘামানোর ফুরসত নেই । ফুসফুসে প্রতিদিন কতটুকু করে এসবের গুঁড়া ঢোকে, সে হিসাব শুধু তিনি কেন, কেউই জানেন না।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দূর্বা রানী দাস ১০ বছর ধরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন। রাজধানীর শাহজাদপুরে বস্তিতে থাকেন। ছয়জনের পরিবারের একমাত্র উপার্জনকারী। মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করেন। তাঁর কাজই হচ্ছে খোয়া তৈরি বা সিমেন্ট ঢালা। কিছুদিন ধরে তাঁর একটু একটু কাশি হয়, তবে এ নিয়ে মাথা ঘামানোর ফুরসত নেই। ফুসফুসে প্রতিদিন কতটুকু করে এসবের গুঁড়া ঢোকে, সে হিসাব শুধু তিনি কেন, কেউই জানেন না।

ইসমাইল বললেন, নিশ্বাসে বিষ কেউ শখ করে নেয় না আপা। শ্বাসকষ্টে মাঝেমধ্যে রাতে ঘুমাইতে পারি না। হাঁপর ওঠে বুকে।

দূর্বা রানীর পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিলেন বরিশালের ইসমাইল মিয়া। সিমেন্ট-বালুতে মেশানো চেহারার এই মানুষকে দেখলে পরিচিতজনেরাও এখন চিনবেন না। একে নাক দিয়ে সিমেন্টের গুঁড়া ঢুকছে, তারওপর আবার বিড়ির ধোঁয়া। এই একই বাহিনীতে নিচতলায় কাজ করা শ্রমিকের সংখ্যা ৯। তাঁদের প্রত্যেকেরই আর চেহারা চেনার উপায় নেই সিমেন্টে মাখামাখি হয়ে। পানি পেলেই এসব গুঁড়া জমে যাচ্ছে চোখের সামনে। সেই গুঁড়া নিশ্বাসে ঢুকে ফুসফুসে কী ঘটাতে পারে, তা অনুমান করতে চিকিৎসাবিজ্ঞানের প্রয়োজন হয় না।

ইসমাইল মিয়াকে জিজ্ঞাসা করা হলো, শ্বাসকষ্ট আছে? তিনি উত্তর দিলেন, ‘নিশ্বাসে বিষ কেউ শখ করে নেয় না আপা। শ্বাসকষ্টে মাঝেমধ্যে রাতে ঘুমাইতে পারি না। হাঁপর ওঠে বুকে। এলাকার ডাক্তাররে দেখানোর পর সে এই কাজ বন্ধ রাখতে বলছে। কিন্তু জোগালির কাজ ছাড়া আর কিছু জানি না। সিমেন্টের বস্তা খুলে মেশিনে ঢালতেই হয়।’

কাজের সময় চেহারা ঢেকে যায় বরিশালের ইসমাইলের
ছবি: প্রথম আলো

ইসমাইল সুযোগ বুঝে আরেকটি তথ্য দিলেন। মাস কয়েক আগে তাঁর একটি ছেলে হয়েছে। সে সব সময়ই কাঁদে। চিকিৎসকের কাছে নেওয়ার পর জানা গেল শিশুটির হার্টে একটি ছিদ্র আছে।

নির্মাণাধীন বাড়ির মালিক আবদুল হকের কাছে জানতে চাওয়া হয়েছিল, সিমেন্ট–বালুর কাজ চলাকালে তাঁরা কী করেন। জানালেন, সব জানালা–দরজা বন্ধ করে রাখতে হয়। কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়িতে ধুলার আস্তরণ জমে। দিনে তিনবার ঘর পরিচ্ছন্ন করেও মেঝের বালু সরানো সম্ভব হয় না। আর শ্রমিকদের এ অবস্থার জন্য তো আসলে তাঁদের পক্ষ থেকে কিছু করার নেই। এ কাজের ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের কাছেও বিকল্প ভাবনা নেই। সমবেদনা জানিয়ে বললেন, গরিব মানুষ, আর তো কিছু করার নেই। এ কাজ পেতেই কতজনকে অপেক্ষা করতে হয়!

২১ জানুয়ারি প্রথম আলোয় ‘বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণে ধুলার অবদান প্রায় ৭৭ শতাংশ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা)। গবেষণাটি ২০০৩ সালের। বর্তমানে বাতাসে ধুলা আরও বেড়েছে।

উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন যে শত শত ভবন তৈরি হচ্ছে, সেখানে কাজ করেন অসংখ্য নির্মাণশ্রমিক। বায়ুদূষণের শীর্ষে থাকা এ নগরে স্বাভাবিকভাবেই তাঁদের নিশ্বাসের মাধ্যমে ঢোকে ধুলাবালু।

এ কাজ ছাড়া ইসমাইল বিকল্প পেশার কিছু জানেন না
ছবি: প্রথম আলো

এই শ্রমিকেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের সময় দিনের পর দিন নিজের ফুসফুসে টেনে নিচ্ছেন সিমেন্ট বা ইটের খোয়ার বিষাক্ত গুঁড়া। এই সংকটের সমাধান জানা নেই আমাদের। একটি বাড়ির কাজ শেষ হলে এই শ্রমিকেরা যাবেন আবার নতুন কোনো ভবনের কাজে। সেখানেও একই দৃশ্যই তৈরি হবে। নির্মাণশ্রমিকদের জিজ্ঞাসা করলে ইসমাইল মিয়ার মতো তাঁরা সবাই হয়তো এই একটি উত্তরই দেবেন, নিশ্বাসে বিষ কেউ শখ কইরা নেয় না।

আরও পড়ুন