নিষিদ্ধ ঘনচিনি বিক্রি, ছয়জনকে জরিমানা
পুরান ঢাকার বাবুবাজারে আমদানি নিষিদ্ধ ঘনচিনি এবং ওষুধ বিক্রি করার অভিযোগে গতকাল শনিবার ছয় ওষুধ ব্যবসায়ীকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মিটফোর্ডের আলী মেডিসিন মার্কেট ও সুরেশ্বরী মেডিসিন মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে র্যা ব ও ওষুধ প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় ১৮ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।
র্যা ব জানায়, অভিযানে অমিত মেডিকেল স্টোরের মালিক শিবু বর্মণকে তিন লাখ টাকা, লাদেন মেডিকোর রাজু বর্মণ রাজীবকে দুই লাখ টাকা, পান্না কাউছার ড্রাগসের মো. লিটনকে দুই লাখ, মিতু কেমিক্যালসের সত্য রঞ্জন দত্তকে দুই লাখ, সেবা মেডিকেল হলের শিবলু আহমেদকে ও ইউসুফ মেডিকেলের আহম্মেদ আলীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, দেশে ঘনচিনি আমদানি নিষিদ্ধ। মিথ্যা তথ্য দিয়ে এগুলো চীন থেকে আমদানি করা হয়। ঘনচিনি শরীরের জন্য ক্ষতিকর হলেও বেশি লাভের আশায় মিষ্টিজাতীয় খাবারে ব্যবহার করেন অসাধু ব্যবসায়ীরা। এ ছাড়া নকল যৌন উত্তেজক, গরু মোটাতাজা করার ওষুধও জব্দ করা হয়। জব্দ করা ঘনচিনি ও ওষুধ পরে ধ্বংস করা হয়।