নিষিদ্ধ পলিথিন বন্ধে ব্যাপক অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত বন্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে, বাজারে যাতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ না থাকে এ জন্য তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অথচ অভিযান সত্ত্বেও বাজারে পলিথিন ব্যাগ রয়েই যাচ্ছে।ভ্রাম্যমাণ আদালত শনিবার পুরান ঢাকার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আদালত ১০টি পলিথিন ব্যাগ তৈরির কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন এবং কারখানাগুলো সিলগালা করে দেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত বন্ধে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর পরও তাঁরা একই কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযানের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে। খাজে দেওয়ান পঞ্চায়েত কমিটির সহসভাপতি মোহাম্মদ হাবিব বলেন, পলিথিন ব্যাগ ভ্যানে করে বাজারে নেওয়ার সময় পুলিশের মুখে পড়লে টাকা দিয়ে ছাড় পেয়ে যায়। এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ বন্ধের জন্য কারখানার মালিকদের কিছু বলতে গেলে তাঁরা উল্টো হুমকি দেন।শনিবার দুটি ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার লালবাগের ইয়াদ প্যাকেজিংয়ের মালিক জসিম উদ্দিন, আনোয়ার প্যাকেজিংয়ে ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও কর্মচারী ওমর আলী, পোস্তার বিছমিল্লাহ প্যাকেজিংয়ের মালিক জাকির হোসেনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ওয়াটারওয়াক্স রোডে বিএস পদ্মা প্যাকেজিংয়ের ব্যবস্থাপক সোহেলকে দুই মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া গফুর প্যাকেজিংকে ৪০ হাজার টাকা, সৈয়দ প্যাকেজিংকে ২০ হাজার, এশিয়া প্যাকেজিংকে ১০ হাজার, মনির এন্টারপ্রাইজকে ৩০ হাজার ও ফারুক প্যাকেজিংকে ১০ হাজার টাকা জরিমানা এবং শাফিন প্যাকেজিং সিলগালা করেন।