নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদের দায়ে নয়জনকে জরিমানা
নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদের দায়ে রাজধানীর নয়জন ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার পলিথিন ব্যাগ মজুদ, বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের বিরুদ্ধে রাজধানীর শান্তিনগর ও ফকিরাপুল বাজারে অভিযান চালান পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।দুপুরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শান্তিনগর বাজারের মোহাম্মদ সুমনের দোকানে অভিযান চালান। পলিথিন ব্যাগ রাখার অপরাধে আদালত ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত একই বাজারের মো. তাজেল ও আলমের দোকানে অভিযান চালিয়ে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।এরপর রাজধানীর ফকিরাপুল বাজারে অভিযান চালানো হয়। সেখানকার মোহাম্মদ জাহাঙ্গীর ও লোকমানের দোকানকে এক হাজার টাকা, সোহেল রানাকে পাঁচ হাজার টাকা এবং ইউসুফ, ইসমাইল ও সাইদুরের দোকানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় জনগণকে সচেতন করতে পলিথিনের বিরুদ্ধে স্লোগানসংবলিত স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও মজুদ রাখার অভিযোগে নয়জন ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় এক টন পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।