নিহত ছিনতাইকারীর পরিচয় মিলেছে
কোনো কান্নাকাটি নেই। কোনো রকমে শেষ বিদায়ের আয়োজন হচ্ছিল। লাশটি দাফন করতে পারলেই যেন বেঁচে যান সবাই। বনানীতে গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর লাশ গতকাল বিকেলে স্বজনেরা শনাক্ত করার পর এ পরিস্থিতির অবতারণা হয়। জানা গেছে, নিহত যুবকের নাম মো. মাসুদ (২৪)।গত সোমবার রাতে বনানীতে এক তরুণীকে জোর করে তুলে নেওয়ার পর দুর্ঘটনায় পরে ছিনতাইকারীদের গাড়ি। পরে ওই গাড়ির আরোহী তিন ছিনতাইকারী পালিয়ে যেতে পারলেও মাসুদকে ধরে গণপিটুনি দেয় জনতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।পুরো দুই দিন অজ্ঞাত পরিচয় থাকার পর গতকাল সন্ধ্যায় খালা নীলু বেগম শনাক্ত করেন মাসুদের লাশ। তাঁরা দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি বাড্ডার একটি গোরস্থানে দাফন করতে নিয়ে যান।নীলু বেগম জানিয়েছেন, মাসুদ গাড়ি চালাতো বলে তাঁরা জানতেন। পাঁচ মাস আগে সে বিয়ে করে। প্রথমে তাঁরা বিশ্বাসই করতে চাননি এ রকম একটি ঘটনা ঘটতে পারে।আরেক আত্মীয় মমিন আলী জানান, মাসুদের স্ত্রীর কাছে কেউ একজন ফোন করে জানায় যে সে দুর্ঘটনায় পড়েছে। ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করে আত্মীয়রা তাঁকে পায়নি। এরপর গুলশান থানায় গেলে পুলিশ অজ্ঞাত একজনের নিহত হওয়ার খবর জানায়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন জানান, পালিয়ে যাওয়া বাকি ছিনতাইকারীদের খোঁজে পুলিশের তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশ নিহত মাসুদের স্ত্রীসহ আত্মীয়দের সঙ্গে কথা বলবে।