নিহত নারীর পরিচয় মিলেছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে দুই ট্রেনের মাঝে পড়ে নিহত অজ্ঞাতনামা নারীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আসমা বেগম (৩৩)। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্বজনেরা এই গৃহবধূর লাশ শনাক্ত করেন।

ওই ঘটনায় আহত যে চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কারওয়ান বাজারে মাছের আড়তসংলগ্ন রেললাইনের পাশে বসানো অবৈধ বাজারের ক্রেতা-বিক্রেতারা বিপরীতমুখী দুই ট্রেনের মাঝখানে পড়ে যান। এ সময় হুড়োহুড়ি ও ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন। আহত হন পাঁচজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া যায়। বাকি এক নারীর লাশ অজ্ঞাতনামা হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে ছিল। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে স্বজনেরা মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।

আসমা বেগমের স্বামী বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এক জুতার দোকানের কর্মচারী মো. লিটন সাংবাদিকদের জানান, কলাবাগানের ক্রিসেন্ট রোডে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকতেন। আসমা গৃহিণী। ডায়াবেটিস রোগে ভুগছিলেন বলে প্রতিদিন সকালে হাঁটতে যেতেন। হেঁটে বাসায় ফেরার পথে মাঝেমধ্যে রেললাইনের বাজার থেকে মাছসহ তরিতরকারি কিনতেন। বৃহস্পতিবারও তাঁর মাছ কিনে আনার কথা ছিল।

লিটন জানান, বৃহস্পতিবার সকালে আসমা বাসা থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পরও না ফেরায় তাঁর মুঠোফোনে ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিয়েও হদিস পাওয়া যায়নি। পরে টেলিভিশনের খবরে জানতে পারেন, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। এমন খবরে গতকাল বিকেলে ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে আসমার লাশ শনাক্ত করেন তাঁরা।

আসমার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাটে। তাঁদের একমাত্র ছেলে মো. আকাশ ধানমন্ডির একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিদের মধ্যে চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন: সৈয়দ হোসেন (৪৫), সালমা বেগম (৪৫), মো. রাকিব (১৯) ও রাকিবের চাচা ফজলু খান। তাঁদের মধ্যে ফজলু ছাড়া বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, সৈয়দ হোসেন তেজগাঁও শিল্প এলাকায় তিব্বত কোম্পানিতে চাকরি করেন। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে তিনি বাজার করতে গিয়েছিলেন। আহত সালমা থাকেন হাতিরঝিলে। তিনিও বাজার করতে সেখানে গিয়েছিলেন। ফজলু ও রাকিব ওই বাজারে কলা বিক্রি করেন। তাঁরা থাকেন খিলগাঁওয়ের তালতলায়।