নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে নিহত হাবিবুর রহমানের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সাগুফতা।গতকাল বৃহস্পতিবার সাগুফতা গ্রুপের পশ্চিম পান্থপথের করপোরেট কার্যালয়ে হাবিবুর রহমানের বাবা মো. আবু কালামের কাছে ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেন সাগুফতার ব্যবস্থাপনা পরিচালক খালেদ মো. জুয়েল মোল্লা।সাগুফতা গ্রুপ জানায়, হাইকোর্ট হাবিবুর রহমানের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ করেছিলেন। কিন্তু সাগুফতা গ্রুপ মানবিক দায়িত্ববোধ থেকে আরও ১৫ লাখ টাকাসহ মোট ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।গত ১৬ জুলাই পান্থপথের শমরিতা হাসপাতাল থেকে অসুস্থ মাকে দেখে বাসায় ফিরছিলেন কলেজছাত্র হাবিবুর রহমান (২১)। পাশেই সাগুফতা এন এম হাউজিংয়ের একটি ১৮ তলা নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়লে হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় হাইকোর্ট সাগুফতা গ্রুপের বিরুদ্ধে রুল জারি করেন এবং নিহত ব্যক্তির পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দেন।