সম্প্রতি গাজীপুরে আগুনে নিহত ২১ জন পোশাক শ্রমিকের পরিবারপ্রতি ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের চিকিৎসার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের দুটি সংগঠন। সংগঠনের নেতাদের অভিযোগ, একই প্রতিষ্ঠানে ছয় মাসে তিনবার অগ্নিকাণ্ডের জন্য মালিকপক্ষ ও কারখানা পরিদর্শক দায়ী। নেতারা দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গতকাল সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা পৃথক সমাবেশে এসব দাবি জানান। গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মণ্ডল। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন নেতারা।