নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়ের
ভবিষ্যতে খাদ্য মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র মন্ত্রণালয় নিজ দায়িত্বে তৈরি করবে। এ জন্য মন্ত্রণালয়ের দুজন উচ্চপর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।এর আগে সংসদীয় কমিটির বৈঠকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র মন্ত্রণালয়ের নিজ দায়িত্বে তৈরি করার সুপারিশ করা হয়েছিল। সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার দায়িত্বে থাকবেন দুই কর্মকর্তা। পরে তা বিজি প্রেস থেকে ছাপানো হবে। বৈঠকে এর আগে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, আতিউর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, জাফর আলী, মোজাহার আলী প্রধান ও আকরাম হোসেন চৌধুরী অংশ নেন।