নিয়োগ-প্রক্রিয়া শেষ হয়নি শিক্ষকসংকটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সময়েও নিয়োগ-প্রক্রিয়া শেষ না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছেন মাত্র ১৮৬ জন। শূন্য আছে ১৯৪টি পদ। প্রশাসনের গৃহীত নিয়োগ-প্রক্রিয়া পাঁচ মাসেও শেষ হয়নি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ২০ অক্টোবরের মধ্যে প্রেষণে থাকা ১৮৭ জন শিক্ষক অন্যত্র চলে যাবেন। ফলে স্বাভাবিকভাবেই শিক্ষকসংকটের আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিরা।সূত্র জানায়, গত মে মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেষণে থাকা শিক্ষকদের স্থলাভিষিক্ত করতে ১৩৫টি পদের অনুমতি দেয়। আইনি জটিলতার কারণে তিন মাস পর গত মাসে এই নিয়োগ-প্রক্রিয়া শুরু করে প্রশাসন। এর আগে গত ফেব্রুয়ারিতে শিক্ষকদের ৯৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। চলতি মাসে এই নিয়োগ-প্রক্রিয়া শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘সংকট নিরসনে প্রশাসনকে অসাধ্য সাধন করতে হবে। এক মাসেরও কম সময়ে অনেক শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা কার্যক্রমও ব্যাহত হবে।’ উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ দাবি করেন, ‘প্রেষণে থাকা শিক্ষকদের আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে সময়মতো নতুন নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে সংকট নিরসনে আগামী মাসের মধ্যে দেড় শ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।’ সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সাবেক কলেজের ২৮০ জন শিক্ষককে প্রেষণে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ১৮ জন শিক্ষক আদালতে মামলা করেন এবং আরও ২০ জন দেশের বিভিন্ন কলেজ থেকে প্রেষণে আসেন। প্রেষণে থাকা শিক্ষকদের বেতন-ভাতার পুরোটা বিশ্ববিদ্যালয়কে বহন করতে হয়। প্রশাসন জানায়, কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল প্রেষণে থাকা শিক্ষকদের পর্যায়ক্রমে বদলি করে নতুন নিয়োগ দেওয়া হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আত্তীভূত হতে সাবেক জগন্নাথ কলেজের ১৯১ জন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ৫৬(২) (ছ) ও ৫৬(৩) ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক চারটি রিট করেন। এ কারণে দীর্ঘদিন নতুন নিয়োগ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘গত ১১ আগস্ট চারটি রিটই খারিজ করে দেন হাইকোর্ট। এই রায়ের পর প্রেষণে থাকা ১৭ শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। গত এক মাসে ২৫ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’ সূত্র জানায়, হাইকোর্টে শিক্ষকদের রিট খারিজ হওয়ার পর ৮৭ জন শিক্ষক ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আপিলের কারণে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। এতে শিক্ষক নিয়োগ আবারও বাধাগ্রস্ত হবে। অন্যদিকে প্রেষণে থাকা বাকি শতাধিক শিক্ষক ভালো কলেজে পোস্টিং নিতে তদবির করছেন। এ কারণে অনেকেই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনে অবহেলা করছেন।উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘নতুন করে আপিলের কারণে কোনো সমস্যা হবে না। এ মাসেই বিষয়টি নিষ্পত্তি হতে পারে। প্রেষণে থাকা শিক্ষকদের অবহেলার বিষয়টি শুনেছি। আশা করছি, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিগগিরই মন্ত্রণালয় তাঁদের বদলির আদেশ দেবে।’