নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর ঘিরে রাখেন। এ সময় তাঁরা তাঁদের চাকরি পুনর্বহালের দাবি জানান।বিতর্ক ওঠায় সরকার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ৩৫৪ জনের নিয়োগ বাতিল করে। হাসপাতাল কর্তৃপক্ষ ১৭১ জনের নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে এই ৩৫৪ জনকে নিয়োগ দিয়েছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে অবস্থান নেন। তাঁরা হাসপাতালে যোগ দিতে হইচই ও বিক্ষোভ করেন। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে হাসপাতাল চত্বরে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ অবস্থান নেয়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি আওয়ামীপন্থী আবদুল খালেকের নেতৃত্বে নিয়োগ বাতিল হওয়া ব্যক্তিরা জোর করে পরিচালকের দপ্তরে ঢুকে পড়েন। এ সময় তাঁরা চিৎকার ও জুতো ছোড়াছুড়ি করেন। এ সময় খালেক নিয়োগ বাতিল হওয়া লোকজনকে পুনর্বহাল করতে পরিচালকের ওপর নানামুখী চাপ সৃষ্টি করেন। পরে পরিচালক নিয়োগ বাতিল হওয়া লোকজনকে বুঝিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতাল ছেড়ে যান।নিয়োগ বাতিল হওয়া প্রার্থী মো. হানিফ দাবি করেন, হাইকোর্ট সরকারের আদেশ বাতিল করে তাঁদের হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এরপর তাঁদের যোগ দিতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক প্রথম আলোকে বলেন, নিয়োগ বাতিল হওয়া লোকজন হাইকোর্টের নির্দেশ নিয়ে এলেও গতকাল তা আবার আট দিনের জন্য স্থগিত করা হয়। তিনি বলেন, হাইকোর্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারেই তিনি চলবেন।