নীতিমালা চূড়ান্ত হয়নি, বাণিজ্য থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

• সৌন্দর্যবর্ধন করে বিজ্ঞাপন প্রচার।
• নীতিমালার আগে এটা করা নৈতিকভাবে ঠিক হয়নি।

নগরীর সৌন্দর্যহানিকর সব বিলবোর্ড উচ্ছেদ করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। বলেছিল, নীতিমালা তৈরি করে এ খাতে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। কিন্তু আড়াই বছরেও সেই নীতিমালা হয়নি। এর মধ্যেই সৌন্দর্যবর্ধনের নামে বিলবোর্ড-বাণিজ্যের পথ খুলে দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বিলবোর্ড ব্যবসায়ীরা উত্তর সিটির এই অবস্থানকে স্ববিরোধী আখ্যা দিয়ে বলেছেন, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বিলবোর্ড ব্যবসা চলে যাবে কোটিপতিদের হাতে।

হাজার হাজার বিলবোর্ডে ঢেকে ছিল উত্তর সিটি এলাকা। এ অবস্থায় ২০১৫ সালের ৩১ জুন মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন করেননি প্রয়াত মেয়র আনিসুল হক। ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ডিএনসিসি এলাকার সব বিলবোর্ড অপসারণ করা হয়।

ওই সময় ডিএনসিসির বিউটিফিকেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেছিলেন, ডিসেম্বরের (২০১৫) মধ্যে বিলবোর্ড নীতিমালা করার চেষ্টা চলছে। নীতিমালা হয়ে গেলে তার ভিত্তিতে ঠিক হবে কোথায় কত বিলবোর্ড বসবে। কিন্তু গত দুই বছরেও নীতিমালাটি চূড়ান্ত হয়নি।

নীতিমালা চূড়ান্ত না হলেও ২০১৬ সালের শুরুতে সৌন্দর্যবর্ধনের বিনিময়ে বিজ্ঞাপন প্রচার করা যাবে—এমন ৪৫টি স্থান ও সড়ক নির্ধারণ করে ডিএনসিসি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চারটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে (অ্যাড ফার্ম) সার্ক ফোয়ারা, বিজয় সরণি থেকে খেজুরবাগান, মহাখালী উড়ালসেতু, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে গুলশান-২ নম্বর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন করে বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গেই পাঁচ বছরের চুক্তি করেছে ডিএনসিসি। ইতিমধ্যেই সার্ক ফোয়ারার সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তারা ফোয়ারার চারপাশে চারটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। এগুলোতে এখন নিয়মিত বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে।

মহাখালী উড়ালসেতুর ওপরে ও নিচে সৌন্দর্যবর্ধনের কাজ পেয়েছে ইউনিকম মিডিয়া লিমিটেড নামে একটি অ্যাড ফার্ম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নুমায়ের মাহবুব বলেছেন, উড়ালসেতুর প্রতিটি পিলার কৃত্রিম ঘাসে মোড়া হবে, উড়ালসেতুর নিচের অংশগুলো বাগানের মতো সাজানো হবে এবং সেতুর ওপরে প্রতিটি ২০ ফুট লম্বা মোট ১২৮টি ফ্লাওয়ার বেড স্থাপন করা হবে। বিনিময়ে উড়ালসেতুর ১৫টি পিলারের দুপাশে ৩০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হবে। এগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা হবে।

আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদ বলেন, এ প্রক্রিয়ায় বিলবোর্ড উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবার ব্যবসায় ফিরতে পারবেন না।

সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের সুযোগ দেওয়া-সংক্রান্ত ডিএনসিসির কমিটির সদস্যদের একজন স্থপতি ইকবাল হাবীব। জানতে চাইলে তিনি বলেন, নৈতিকভাবে বললে এটি নীতিমালার মাধ্যমেই হওয়া উচিত ছিল। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই-বাছাই খসড়া নীতিমালার আলোকেই করা হয়েছে।

জানতে চাইলে ডিএনসিসির বিউটিফিকেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম এ রাজ্জাক বলেন, সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন আর ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন ভিন্ন বিষয়। বিশেষজ্ঞদের মাধ্যমে গঠিত পৃথক কমিটি যাচাই-বাছাই করে নির্দিষ্ট কিছু জায়গায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে শর্ত সাপেক্ষে বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দিয়েছে।

নীতিমালা কবে চূড়ান্ত হবে জানতে চাইলে তিনি বলেন, খসড়া চলতি মাসে প্যানেল মেয়রের কাছে যাবে। তারপর এটি করপোরেশনের বোর্ড সভায় যাবে। বোর্ড পাস করলে মন্ত্রণালয়ে পাঠানো হবে।