ওষুধে ভেজাল রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসংক্রান্ত নীতিমালা তৈরির জন্য ১৫ দিনের মধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ পাঁচ দফা নির্দেশনা দেন। আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ১০টি থানার ২০টি জায়গা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশুদ্ধতা পরীক্ষা করে পাঁচ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওষুধ প্রশাসনের মহাপরিচালক, স্বাস্থ্যসচিব, বিএসটিআই ও সায়েন্স ল্যাবরেটরির চেয়ারম্যানকে বিশুদ্ধতা পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনটি দাখিল করতে বলা হয়। রুলে ওষুধে ভেজাল প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসনের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাব্যবস্থাপক, সায়েন্স ল্যাবরেটরির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।ওষুধে ভেজাল বন্ধে ও দোষীদের শাস্তির দাবিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ মামলাটি করেন।নির্দেশনা: তৃতীয় নির্দেশনা আদালত জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ এবং ওষুধ নিয়ন্ত্রণ কমিটির গত দুই বছরের কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করে চার সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন। ১৯৯১ সালে প্যারাসিটামল সেবনে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।