নীতিমালায় প্রতিবন্ধী শিশুদের কথা যুক্ত করলে বৈষম্য কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু নীতিমালার খসড়ার যেসব স্থানে শিশু শব্দটি উল্লেখ আছে, সেখানে ‘শিশু’ শব্দের পাশাপাশি ‘প্রতিবন্ধী শিশু’ শব্দটিও সংযোজন করা উচিত। প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা বিদ্যালয় নয়, বরং প্রতিটি বিদ্যালয়ে তাদের জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা থাকা দরকার। এসব বিষয় নিশ্চিত করা গেলে সাধারণ শিশু ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে বৈষম্য কমে আসবে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে শিশু একাডেমী ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে এ সভার আয়োজন করে।সভায় শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ বলেন, প্রতিবন্ধী শিশুদের আলাদা বিদ্যালয়ে পাঠানো হয়। ফলে প্রাথমিকভাবেই প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের জনসংখ্যার মূল স্রোতোধারায় আনতে হবে। বিদ্যালয়গুলোতে প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা করতে হবে।জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জাওয়াহেরুল ইসলাম বলেন, জাতীয় শিশু নীতিমালার সঙ্গে সংগতি রেখে প্রতিটি প্রতিষ্ঠানেরই শিশু সুরক্ষা নীতি তৈরি করা উচিত।সেনা কর্মকর্তাদের প্রতিবন্ধী সন্তানদের শিক্ষা ও সেবাদানকারী প্রতিষ্ঠান ‘প্রয়াসের’ অধ্যক্ষ ফখরুল হাসান বলেন, শুধু শিশুনীতি তৈরি করলেই চলবে না, এর বাস্তবায়নও করতে হবে। নইলে এ নীতিমালার কোনো সুফল পাওয়া যাবে না।আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইডের কর্মকর্তা রাবেয়া সুলতানা বলেন, খসড়া নীতিতে শিশু সুরক্ষার কথা বলা হলেও প্রতিবন্ধী শিশুদের বিষয়ে কিছুই বলা হয়নি।বেসরকারি সংগঠন তরী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশফাকুল কবির শিশু নীতিমালাসহ সব ক্ষেত্রে ‘প্রতিবন্ধী’ শব্দের পরিবর্তে ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশু’ হিসেবে উল্লেখ করার দাবি জানান।মূল প্রবন্ধে প্রতিবন্ধী ফোরামের কর্মকর্তা রফিক জামান বলেন, জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) অনুযায়ী জাতীয় শিশু নীতিমালার খসড়া তৈরি করা হলেও তাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদকে (সিআরপিডি) অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। অথচ ২০০৭ সালে সরকার সিআরপিডি অনুস্বাক্ষর করেছে।প্রবন্ধে বলা হয়, প্রাথমিক পর্যায়ে শিশুর প্রতিবন্ধিতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে প্রতিবন্ধিতার মাত্রা বাড়ার আগেই তা নিয়ন্ত্রণ করা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম। এর আগে শিশু একাডেমী প্রাঙ্গণে প্রতিবন্ধী শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।