ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ছয় ধরনের পদের মধ্যে পাঁচটিতে ২১ মে নির্বাচন হবে। ইতিমধ্যেই আওয়ামী-বামসমর্থিত শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াতসমর্থিত শিক্ষকদের সাদা দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডিন, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও প্রাধ্যক্ষদের মধ্য থেকে নির্বাচিত ছয়জন শিক্ষক সিন্ডিকেটে প্রতিনিধিত্ব করেন। কিন্তু দুজন ডিন অনির্বাচিত অবস্থায় থাকায় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে এ বিভাগে সিন্ডিকেট সদস্য নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ২১ মে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিল, ফিন্যান্স কমিটি, ইঞ্জিনিয়ারিং অনুষদ ও ফার্মাসি অনুষদের ডিন এবং সিন্ডিকেটের পাঁচ ধরনের পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচকের দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ মীজানুর রহমান। নীল দল থেকে জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হোসেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেন এবং ব্যবসায়ে প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক রেজওয়ানুল হক খান নির্বাচন করবেন।সাদা দল থেকে অংশ নেবেন স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ লুৎফর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, পপুলেশন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মাজহারুল আনোয়ার।