নীলক্ষেতে কম দামে উচ্চশিক্ষার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলক্ষেতের বইয়ের দোকান থেকে প্যাথোলজিক ব্যাসিক অব ডিসিজ বইটি কিনছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম। বইটি কেনার পর প্রথম আলোকে তিনি জানান, ‘নিউমার্কেটে বইটির দাম চেয়েছিল দুই হাজার ৭০০ টাকা। কিন্তু এখান থেকে মাত্র ২০০ টাকায় কিনলাম।’মেডিকেল, ডেন্টাল, বুয়েট, বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার বইগুলো কম দামে পাওয়া যায় নীলক্ষেতের বইয়ের দোকানে। ফলে সেসব বই সহজেই সংগ্রহ করতে পারেন শিক্ষার্থীরা। কম দামে ফটোকপি বই: ঢাকা মেডিকেলের শিক্ষার্থী আনোয়ার পারভেজ বলেন, ‘মেডিকেলের বই নিউমার্কেটেও পাওয়া যায়। কিন্তু সেখানে দাম খুব বেশি। অনেক বই পাওয়াও যায় না। দাম বেশি হওয়ায় অনেকের পক্ষে সবগুলো বই কেনাও কঠিন হয়ে পড়ে। নীলক্ষেতে ওই বইগুলোর ফটোকপি কম দামে পাওয়া যায়।’ এ কারণে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও এখান থেকে বই কেনেন বলে দোকানিরা জানান।নিউমার্কেট ও নীলক্ষেত মার্কেটে খোঁজ নিয়ে দেখা যায়, ডেভিড কার্টারের অ্যাটলাস অব জেনারেল সার্জারি বইটির দাম নিউমার্কেটে চার হাজার টাকা। নীলক্ষেতে এর ফটোকপির দাম ৪০০ টাকা। নেলসন রচিত দুই খণ্ডের টেক্সট বুক অব পেডিয়াট্রিকস বইটির দাম নিউমার্কেটে সাড়ে সাত হাজার টাকা, আর নীলক্ষেতে এক হাজার ৪০০ টাকা।নীলক্ষেতের মার্কেটে ঘুরে অনেক দামি বইও চোখে পড়ে। চার খণ্ডের ব্রিটিশ ফার্মকোপিয়া বইটি নীলক্ষেতে বিক্রি হয় ৪০ হাজার টাকায়। ওষুধ কোম্পানিগুলো বইটি সংগ্রহ করে বলে জানান ব্যবসায়ীরা।কম দামে বই বিক্রির বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁরা বই সংগ্রহ করেন। আবার অনেকে বিদেশ থেকেও বই নিয়ে আসেন। ওই বইগুলো ফটোকপি করে অল্প দামে বিক্রি করা হয়। রয়েছে দুষ্প্রাপ্য বই: অনেক দুষ্প্রাপ্য বইও আছে নীলক্ষেতে। সিটি বুক হাউসের দোকানি জানান, কে ডি চ্যাটার্জি রচিত প্যারাসিটোলজি বইটি চ্যাটার্জি মেডিকেল পাবলিশার্স ১৯৮০ সালের পর আর প্রকাশ করেনি। মেডিকেল ছাত্রদের কাছে বইটির এখনো চাহিদা থাকলেও নীলক্ষেত মার্কেট ছাড়া কোথাও বইটি পাওয়া যায় না। খোঁজ নিয়ে জানা যায়, এ হ্যান্ড বুক অব এনেসথেসিয়া, ইন অরগানিক মেডিসিনাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি—এসব বই কেবল নীলক্ষেত মার্কেটেই পাওয়া যায়। দেশের দ্বিতীয় বড় বইয়ের বাজার: বাংলাবাজারের পর নীলক্ষেতেই এখন দেশের সবচেয়ে বড় খুচরা বইয়ের বাজার। পুরোনো বই বিক্রির মধ্য দিয়ে বাজারটির যাত্রা শুরু হলেও উচ্চশিক্ষার প্রচুর বিদেশি নতুন বইও এখানে পাওয়া যায়। ইসলামিয়া, বাকুশাহ, শাহজালাল, সিটি করপোরেশন ও বাবুপুরা—এই পাঁচটি মার্কেট মিলিয়ে নীলক্ষেতের বইয়ের বাজার। বইয়ের দোকান প্রায় সাড়ে ৭০০। ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমিতির সভাপতি মকবুল হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘উচ্চশিক্ষার নতুন ও পুরোনো বই এখানে সস্তায় পাওয়া যায়।’ প্রতিদিন মার্কেটে কত টাকার বই বিক্রি হয়, ব্যবসায়ী নেতাদের কাছে এর কোনো হিসাব নেই। তবে ব্যবসায়ীরা জানান, ছোট দোকানগুলো প্রতিদিন গড়ে পাঁচ-ছয় হাজার, মাঝারি দোকানে ১৫ থেকে ২০ হাজার এবং বড় দোকানে প্রায় ৫০ হাজার টাকার বই বিক্রি হয়। তবে ব্রাদার্স পাবলিকেশন, নীলক্ষেত পাবলিকেশনসহ কয়েকটি বড় দোকানে লাখ টাকার ওপরে বই বিক্রি হয় বলে জানা গেছে।