নীলক্ষেতে জাল সনদ ও তৈরির সরঞ্জামসহ সহোদর গ্রেপ্তার
বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সনদপত্র, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক সার্টিফিকেট—সবই মিলবে টাকা দিলে। তবে এর কোনো কিছুই আসল নয়, সবই নকল ও জাল। রাজধানীর নীলক্ষেত এলাকায় একটি জালিয়াতচক্র অনেক দিন থেকেই এসব করছিল। গত রোববার রাতে র্যাব-২ এ রকম একটি চক্রকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের জাল সনদপত্র, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক সার্টিফিকেট এবং এসব তৈরির সরঞ্জাম।র্যাব-২-এর মেজর মো. আবদুল মালেক প্রথম আলোকে জানান, তাঁদের কাছে খবর ছিল, নীলক্ষেত এলাকার বাকুশাহ মার্কেটের একটি দোকানে এ ধরনের জাল সনদের ব্যবসা চলে আসছে। গত রোববার রাতে র্যাব কর্মকর্তা ওসমান গনির নেতৃত্বে একটি দল শামীম কম্পিউটার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে সেখানে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সনদপত্র, নম্বরপত্র, মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ধরনের সিল, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক সার্টিফিকেটসহ প্রতিষ্ঠানের কম্পিউটার ও প্রিন্টার জব্দ করেন। সেখান থেকে গ্রেপ্তার করা হয় রিয়াদ ও মুরাদ নামের দুই ভাইকে। তাঁদের পিতার নাম ইউসুফ আলী। বাড়ি নোয়াখালীর চাটখিলে।র্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা দুই ভাই বলেছেন, রিয়াদ কয়েক বছর আগে এইচএসসি পাশ করেছেন, আর মুরাদ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। গত এক বছর ধরে তাঁরা নীলক্ষেতের একটি দোকান ভাড়া নিয়ে জাল সনদ তৈরির ব্যবসা শুরু করেন। সেখানে প্রতিদিন ১০ থেকে ১২টি করে সনদ তৈরি করে বিক্রি করা হতো।রিয়াদ র্যাবকে জানান, জাল কাগজপত্র তৈরিতে সফটওয়্যার তৈরির কাজ তিনি তাঁর এক বন্ধুর কাছ থেকে শিখেছেন। ওই বন্ধু এক সময় নীলক্ষেত এলাকায় জাল সনদ তৈরির কাজ করতেন। তিনি বিদেশে চলে যাওয়ার সময় কম্পিউটার ও সফটওয়্যার তাঁকে দিয়ে যান। সেগুলো দিয়ে তিনি ব্যবসা শুরু করেন।দুই ভাই-ই র্যাবকে জানিয়েছেন, এসব জাল সার্টিফিকেট সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়। তাঁদের তৈরি করা কাগজপত্র বিদেশগামী লোকজন বেশি নেয়। দুই ভাই আরও জানান, যে কোনো ব্যাংকের কাগজপত্র তাঁরা তৈরি করে দিতে পারেন। এসব করার জন্য সব সিলমোহরও তাঁদের কাছে রয়েছে।র্যাব জানায়, এর আগেও তারা নীলক্ষেত এলাকা থেকে এ ধরনের একাধিক চক্র গ্রেপ্তার করেছে। কিন্তু গোপনে তাঁদের কর্মকাণ্ড চলে আসছে।র্যাবের আরেকটি অভিযানে ফার্মগেট এলাকার পূর্ব তেজতুরি বাজার থেকে রতন মিয়া, মজনু, শফিউল ইসলাম ও জাকির হোসেন নামের চার যুবককে গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার অবৈধ সিডি এবং দেড় হাজার পর্নো সিডি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন, নকল সিডি বাজারজাত করা হয় পাইকারি বাজার থেকে। সেখানে একটি চক্র এসব ব্যবসা করে। তারা গোপনে বিদেশ থেকে আনা পর্নো সিডি কপি করে দেশের বাজারে ছাড়ে। ফার্মগেট এলাকায় একটি চক্র এ ব্যবসার সঙ্গে জড়িত।