নীলক্ষেতে ব্যবসায়ী ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেত এলাকায় গতকাল রোববার ব্যবসায়ী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ছাত্র এবং তিনজন ব্যবসায়ী। বই কেনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তর্কাতর্কির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ছাত্রলীগের আহত কর্মীদের মধ্যে তপু, উজ্জ্বল, পিয়াল, সোহাগ, সৈকত ও সায়েমের নাম জানা গেছে। তাঁদের মধ্যে উজ্জ্বল ও সোহাগ মাথায় আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেলে এ এফ রহমান হলের ছাত্র ও ছাত্রলীগের কর্মী উজ্জ্বল ও সোহাগ বই কেনার সময় দরদাম করতে গিয়ে নীলক্ষেতের ব্যবসায়ীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নীলক্ষেতের ব্যবসায়ীরা ওই দুই ছাত্রকে মারধর করেন। এ ঘটনার পর ওই হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এদিকে নীলক্ষেতের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের নেতারা একটি দোকানে ভাঙচুর এবং তিনজন ব্যবসায়ীকে মারধর করেছেন। এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা বলেন, তুচ্ছ কারণে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।