নীলক্ষেতে লেগুনা ভাঙচুর, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
রাজধানীর নীলক্ষেতে লেগুনা স্ট্যান্ডে লেগুনা ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনা ঘটেছে। লেগুনা মালিকদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা চাঁদার দাবিতে এই ঘটনা ঘটিয়েছেন। ছাত্রলীগের নেতারা বলেন, এই অভিযোগ সত্য নয়, এটি ষড়যন্ত্রের অংশ।
লেগুনা মালিকদের অভিযোগ, আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে৷ এ সময় লেগুনা ভাঙচুর ও চালকদের মারধর করে তাঁদের সঙ্গে থাকা কিছু টাকাও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিনিয়ে নেন। গত মাসেও দুই দফায় লেগুনা ভাঙচুর করা হয়েছে বলে তাঁরা জানান।
লেগুনা মালিকদের একজন মো. মানিক প্রথম আলোকে বলেন, ‘নীলক্ষেতে সিএনজি পেট্রোল পাম্পের পাশে তিনটি রুটের ৭০ থেকে ৮০টি লেগুনা রাখা হয়। আমাদের কাছ থেকে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের নেতারা মাসে দেড় লাখ টাকা করে চাঁদা দাবি করেন। সপ্তাহখানেক ধরে তাঁরা টাকা দাবি করছিলেন। কিন্তু আমরা টাকা দিতে পারিনি। আজ বিকেল পাঁচটার দিকে এফ রহমান হলের কিছু ছাত্র নীলক্ষেতে আসেন। তাঁরা আমাদের পাঁচটি লেগুনা ভাঙচুর এবং চালকদের মারধর করেন। এতে দুজন চালক আহত হন। চালকদের সঙ্গে থাকা ৫০০–১০০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে।’
মানিক আরও বলেন, ‘এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মীদের পাঠিয়ে আমাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। গত মাসেও দুই দফায় গাড়ি ভাঙচুর করা হয়। তখন আমরা গাড়ি বন্ধ রেখেছিলাম। পরে তাঁরা নিজেরাই বলেন, আপাতত গাড়ি চালান, এ বিষয়ে পরে আলোচনা হবে। এরপর গাড়ি চালু হয়।
কিন্তু শুক্রবার লেগুনা ভাঙচুর ও মারধর করা হয়। এ ঘটনার বিষয়ে আমরা নিউমার্কেট থানার ওসিকে জানিয়েছি। তিনি আমাদের বলেন, আলোচনা করে বিষয়টি সমাধান করুন, তাতেও সমাধান না হলে মামলা করতে পারেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চাঁদা দাবি ও লেগুনা ভাঙচুরের অভিযোগ সত্য নয়। স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এ ধরনের কোনো ঘটনায় জড়িত নন। কেউ আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগও করেননি।’
এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের থানায় কেউ এ ধরনের কোনো অভিযোগ করেননি।’