নুরুল ইসলামের হত্যা রহস্য উদ্ঘাটিত না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তাঁর ছেলে তমোহর ইসলামের রহস্যজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা প্রশ্ন রাখেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে না পারা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, না ইচ্ছাকৃত গাফিলতি? বক্তারা বলেন, মৃত্যুর আগে নুরুল ইসলাম জবানবন্দিতে ধর্মীয় জঙ্গিবাদবিরোধী, অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনীতি থেকে সরে আসা এবং নবম জাতীয় সংসদ নির্বাচন না করার জন্য তাঁকে বারবার হুমকি দেওয়ার কথা বলেছিলেন। এতেই প্রমাণ হয়, কারা তাঁকে হত্যা করেছে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নুরুল ইসলাম এবং তাঁর ছেলে তমোহর ইসলামের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলেন। কিন্তু দীর্ঘ প্রায় আড়াই বছরেও এ রহস্যজনক হত্যাকাণ্ডের রহস্য গোয়েন্দা সংস্থা উদ্ঘাটন করতে পারেনি। বক্তারা অবিলম্বে এ রহস্যজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর গণতন্ত্রী পার্টির সহসভাপতি শরাফত আলী। বিজ্ঞপ্তি।