নূর হাজির খোঁজ মেলেনি নয় দিনেও
ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আগারগাঁওয়ের মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ হাজি ওরফে নূর হাজির (৭৫) গত নয় দিনেও খোঁজ মেলেনি।পরিবারের অভিযোগ, নূর হাজিকে তাঁর সাভারের কাতলাপুরের বাসা থেকে ১৯ অক্টোবর প্রশাসনের লোক পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে গেছেন। তার পর থেকে তিনি নিখোঁজ।নূর হাজির মেয়ে স্বপ্না আক্তার প্রথম আলোকে জানান, সাদা পোশাকে প্রশাসনের লোক পরিচয়ে তাঁর বাবাকে ধরে নিয়ে গেছেন, এমন অভিযোগে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু নয় দিনেও তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন।স্বপ্না জানান, গতকাল বৃহস্পতিবার তাঁর বাবার হজে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরের সঙ্গে দেখা করে তাঁর বাবাকে উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা। উদ্ধারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।নূর হাজি প্রসঙ্গে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, প্রশাসনের লোকজন নূর হাজিকে ধরে নিয়ে গেছেন, এমন অভিযোগ করা হলেও তদন্তে এর কোনো সত্যতা মেলেনি। নূর হাজি একজন অপরাধী। তিনি নিজেও আত্মগোপন করে থাকতে পারেন।নূর হাজির জামাতা আবদুল মান্নান অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৯ সাল) র্যাব-৪-এর একটি দল তাঁর শ্বশুরকে আটক করার তিন দিন পর মোহাম্মদপুর থানায় সোপর্দ করেছিল। তাঁদের সন্দেহ, এবারও র্যাবই তাঁকে ধরে নিয়ে গেছে।এ ব্যাপারে র্যাব-৪-এর সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক নূরুল আমিন প্রথম আলোকে জানান, নূর হাজি র্যাব-৪-এর আওতাধীন এলাকায় থাকেন না। তাঁরা তাঁকে আটকও করেননি। তবে নিখোঁজ থাকার বিষয়ে তাঁরা খোঁজ নিচ্ছেন।পুলিশ সূত্র জানায়, নূর হাজির বিরুদ্ধে খুন, মাদক ব্যবসাসহ বেশ কটি মামলা রয়েছে। সম্প্রতি একটি খুনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। তাঁর এক ছেলে এখন আগারগাঁও এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন।