নূরুল ইসলাম ও তমোহরের মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রাধিকার ভিত্তিতে গণতন্ত্রী পার্টির সভাপতি ও শ্রমিকনেতা নূরুল ইসলাম এবং তাঁর ছেলে তমোহর ইসলামের রহস্যজনক মৃত্যুর তদন্ত ও বিচার দাবি করেছে শ্রমিক সংগঠনগুলোর মোর্চা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।গতকাল সোমবার নূরুল ইসলামের স্মরণসভায় স্কপ-নেতারা এ দাবি জানান। নূরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওই সভার আয়োজন করা হয়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই মামলাটি অধিকতর গুরুত্বপূর্ণ মামলা হিসেবে নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ঘটনার বিচার না হওয়ায় স্কপ-নেতারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।২০০৮ সালে জাতীয় নির্বাচনের ২৬ দিন আগে অর্থাৎ ৩ ডিসেম্বরের মধ্যরাতে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বাসভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডে গুরুতর আহত হন নূরুল ইসলাম। ঘটনাস্থলেই মারা যান তমোহর। ৪ ডিসেম্বর নূরুল ইসলামের মৃত্যু হয়। নুরুল ইসলাম ওই আসনে মহাজোটের প্রার্থী ছিলেন।স্মরণসভায় নুরুল ইসলামের মেয়ে মৌটুসী ইসলাম বলেন, ‘আমার বাবা ও ভাইকে যে হত্যা করা হয়েছে, তার অনেক প্রমাণ আছে। মৃত্যুর আগে তাঁদের দুজনকেই মুঠোফোনে ও চিঠিতে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে।’ অনুষ্ঠানের সভাপতি স্কপের সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম খান বলেন, নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে ধর্মান্ধ ও মৌলবাদী শক্তির ষড়যন্ত্রে তাঁর মৃত্যু হয়েছে।সভায় শ্রমিকনেতা মুকিত খান, রাজেকুজ্জামান, মেজবাহ উদ্দীন আহমেদ, শফি উদ্দিন, চৌধুরী আশিকুল আলম, শফিকুর রহমান মজুমদার বক্তব্য দেন।