নূরুল কবীরকে হুমকি দেওয়ায় ১৫ সম্পাদকের উদ্বেগ
নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকেরা। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার দেশের শীর্ষ ১৫টি দৈনিকের সম্পাদকদের পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।বিবৃতিদানকারী সম্পাদকদের মধ্যে রয়েছেন দি ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুর রহমান, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, কালের কণ্ঠ সম্পাদক আবেদ খান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, যুগান্তর সম্পাদক সালমা ইসলাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান ও যায়যায়দিন সম্পাদক কাজী রোকনউদ্দিন আহমেদ।নূরুল কবীরকে হত্যার হুমকিদাতাকে খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল বুধবার সকালে তিনি মন্ত্রণালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ডেকে হুমকিদাতাকে গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে জানতে চান। তিনি হুমকিদাতাকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন।বিএনপির উদ্বেগ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে নূরুল কবীরকে বারবার হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল বুধবার বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আধুনিক যোগাযোগব্যবস্থার এই দিনে একই মোবাইল ফোন থেকে নূরুল কবীরকে বারবার হুমকি দেওয়া হলেও ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দানকারী সরকার তাকে পাকড়াও করতে পারছে না কেন, তা বিস্ময়ের ব্যাপার।