নেতা হতে পারে সাহসীরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভীরু মানুষ নিজেকে খুব মূল্যবান মনে করে। তাই সে সব সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এ ধরনের মানুষের মাধ্যমে মুক্তি আসে না। অন্যদিকে সাহসীরা নিজেদের মূল্যবান মনে করে না। অন্যের জন্য জীবন সঁপে দেয়। তাঁরাই প্রকৃত নেতা। বর্তমান প্রজন্মকে নেতৃত্ব নিতে হলে সাহসী হতে হবে।গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সামিট-২০১১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে এসব কথা বলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশের ইংরেজি ও বাংলা মাধ্যম এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী দিনে সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাদের কী গুণ থাকতে হবে, অতীতে মহান নেতারা কীভাবে জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতা হয়ে ওঠার জন্য কী করতে হবে—এসব বিষয় সম্মেলনে তুলে ধরা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ কাউন্সিল (বিওয়াইএলসি) এই সম্মেলনের আয়োজন করে।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, নেতৃত্ব রাজপ্রাসাদ থেকে আসে না। নেতৃত্ব তৈরি হয় মাটি, ঘাস ও দুঃখ-বেদনা থেকে। ভোগ, লোভ ও অহমিকা একজন নেতার নেতৃত্বকে ধ্বংস করে দেয়।উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব ও বিওয়াইএলসির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য মোহাম্মদ মিজারুল কায়েস বলেন, নেতৃত্বের বড় গুণ হচ্ছে বিপদে ভেঙে না পড়া। খারাপ সময় কীভাবে পার করতে হয় এবং কঠিন সময়ে কীভাবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্তে অবিচল থাকতে হয়, তরুণ প্রজন্মকে এসব বিষয় আয়ত্ত করতে হবে।বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও সভাপতি এজাজ আহমেদ বলেন, আগামী দিনের নেতৃত্ব তৈরি করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এই সম্মেলনের মাধ্যমে নতুন প্রজন্মকে নেতৃত্ব সম্পর্কে ধারণা দেওয়া হবে।উদ্বোধীন অনুষ্ঠানে দিনব্যাপী প্যানেল আলোচনা, দল গঠনবিষয়ক কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান হয়।