নেতার কাছে লবণ চাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানটিনে খাওয়ার সময় এক ছাত্রলীগের নেতার কাছে লবণ চাওয়ায় ইমরান হোসেন নামের এক ছাত্রকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।
আহত ইমরান প্রথম আলোকে বলেন, তিনি তাঁর রুমমেট ফিন্যান্স বিভাগের এমবিএর শিক্ষার্থী ফরিদ মোল্লার সঙ্গে দুপুরে জিয়া হলের ক্যানটিনে খেতে যান। সেখানে একই টেবিলে হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লা তাঁর কর্মীদের নিয়ে খাচ্ছিলেন। খাওয়ার একপর্যায়ে বনি আমিনের সামনে থাকা লবণের পাত্রটি এগিয়ে দিতে বলেন ইরমানের রুমমেট ফরিদ। বনি আমিন তখন ফরিদকে বলেন, তিনি যেন নিজে নিয়ে যান।
ফরিদ মোল্লা বলেন, এ সময় বনি আমিনের কর্মীরা তাঁদের পরিচয় জানতে চান। দুজনই বিজয় একাত্তর হলের ছাত্র জানালে এঁটো হাতে তাঁদের মারধর করে ক্যানটিন থেকে বের করে দেন।
বিষয়টি জানতে বনি আমিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের ঘনিষ্ঠ। মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ইমরানকে কেউ মারধর করেছে বলে স্বীকার করেননি। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ছাত্রলীগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমান প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।