আগামী ১৫ দিনের মধ্যে জামায়াত-শিবির ও নৈরাজ্যকারীদের নামের তালিকা কেন্দ্রে জমা দিতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছেন, ওই তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়া হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুব সংগ্রাম পরিষদ আয়োজিত যুব সমাবেশে যুবলীগের চেয়ারম্যান এই আহ্বান জানান। বিএনপি এবং জামায়াত-শিবিরের হরতাল, হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের যুব সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে তোলা যুব সংগ্রাম পরিষদের এই কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা পৃথক মিছিলসহ যোগ দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, একাত্তরে ওরা যেমন দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, বর্তমানেও তারা একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে এদের প্রতিরোধ করতে হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, জামায়াত-শিবির দেশের সাধারণ মানুষ ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্মম ও পাশবিক হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। তিনি বলেন, ওরা একাত্তরে পরাজিত হয়েছিল এবারও পরাজিত হবে। তিনি ওই চক্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানান।যুব সংগ্রাম পরিষদের সমন্বয়ক ওমর ফারুক চৌধুরী বলেন, স্বাধীনতার পক্ষের সব যুব নেতা-কর্মীকে দেশের প্রতিটি পাড়া-মহল্লা, উপজেলা ও জেলায় জামায়াত-শিবিরের তালিকা তৈরি করে তা কেন্দ্রে জমা দিতে হবে। স্থানীয় নেতা-কর্মীরা ওদের সঠিকভাবে চিনতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। যুবলীগের চেয়ারম্যান আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সমাবেশে যুবনেতাদের মধ্যে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান, যুবমৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর, যুব আন্দোলনের মোশাহিদ আহমেদ, জাতীয় যুব ঐক্যের খায়রুল আলম, যুব মহিলা লীগের অপু উকিল প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী।