নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুট, কেক ও মিষ্টি তৈরির অভিযোগে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। গতকাল সোমবার দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার সরলা বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালান। সেখানে নোংরা পরিবেশে কেক তৈরির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালত একই এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালান। সেখানেও নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত দক্ষিণ যাত্রাবাড়ীর ভাগ্যকুল বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারেও অভিযান চালান। সেখানে মিষ্টি তৈরিতে নিষিদ্ধ সেকারিন ব্যবহার করার প্রমাণ পান আদালত। এ ছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ওই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন আদালত।পরে আদালত ধলপুর এলাকার আল্লার দান বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালান। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে কেক তৈরির অভিযোগে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।