নোংরা পরিবেশ পাঁচ বেকারিকে জরিমানা
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে রাজধানীর দক্ষিণখান এলাকার পাঁচটি প্রতিষ্ঠানকে সোয়া দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত দক্ষিণখানের হাজী সবুর খান রোডের চাঁদনী ফুড প্রোডাক্টসে অভিযান চালান। সেখানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিতরণ করার অভিযোগে আদালত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত দক্ষিণখানের জয়নাল মার্কেটের হাবীব বেকারি, সম্রাট বেকারি ও আজিজ ফুড প্রোডাক্টসে অভিযান চালান। হাবীব ও সম্রাট বেকারির দু-একটি পণ্যের বিএসটিআইয়ের সনদ (লাইসেন্স) থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ছিল না। এই অপরাধে হাবীব ও সম্রাট বেকারিকে ৫০ হাজার টাকা করে ও আরিফ ফুডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত পরে উত্তরখানের মাজার রোডে এ হক বেকারিতে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সনদবিহীন। নোংরা পরিবেশে রুটি, বিস্কুট ও কেক তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলোকে জানান, গতকাল পাঁচটি বেকারিতে অভিযান চালানো হয়েছে।