নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি-সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন দই, রুটি, বিস্কুট ও কেক তৈরি এবং বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জের ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। এ ছাড়া গত সোমবার রাতে শাহজাহানপুরের একটি সুপেয় পানি তৈরির কারখানাকে ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ভ্রাম্যমাণ আদালত জিঞ্জিরা বাজারে অভিযান চালান। সেখানকার মেসার্স রুহিত ফুড প্রডাক্টকে এক লাখ টাকা, রাজু সুইটমিটকে ৫০ হাজার টাকা, নিউ কুসুম বেকারিকে ৭৫ হাজার টাকা, রুহিতপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা, রুবি সুইট অ্যান্ড দধিকে ৩০ হাজার টাকা, আলম মিষ্টান্ন ভান্ডারকে ৬০ হাজার টাকা, আবদুল আজিজ স্টোরকে ৬০ হাজার টাকা, আল মদিনা সুইটকে ৭৫ হাজার টাকা, আল্লার দান বেকারিকে এক লাখ টাকা, কুসুম কনফেকশনারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরে আদালত কেরানীগঞ্জের আটিবাজার মাস্টারবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নয় ধরনের প্রসাধনসামগ্রী তৈরির অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই আদালত গত সোমবার রাতে রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকার সেইফ ড্রিংকিং ওয়াটার নামক একটি সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। তাঁকে সহায়তা করে বিএসটিআই, র‌্যাব-৩ ও র‌্যাব-১০-এর একটি দল।