নোংরা পরিবেশে স্যালাইন তৈরি, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
নোংরা পরিবেশে খাওয়ার স্যালাইনসহ বিভিন্ন পণ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই সেসব পণ্য বিক্রি করার অভিযোগে রাজধানীতে দুুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোশ্যাল ন্যাশনাল কোম্পানি (এসএনসি) নামের এই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) মোড়ক ব্যবহার করে ওরস্যালাইনসহ বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছিল। গতকাল বুধবার র্যাব-১০-এর সহায়তায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন এই আদালত পরিচালনা করেন।সূত্র জানায়, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা ১১টার দিকে পুরান ঢাকার ওয়ারীর ১/এফ, ফোল্ডার স্ট্রিটের তৃতীয় তলায় সোশ্যাল ন্যাশনাল কোম্পানিতে (এসএনসি) অভিযান চালান। আদালত দেখতে পান, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাওয়ার স্যালাইন ও টেস্টি স্যালাইন উৎপাদন করছিল। তাদের বিএসটিআইয়ের কোনো লাইসেন্স নেই। তারা এসএমসির মোড়ক ব্যবহার করে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তারা কোমল পানীয় তৈরির গুঁড়া, সিভিট ও সি ম্যাটসিল ট্যাবলেট উৎপাদন করে—এমন নজির পান আদালত। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত প্রতষ্ঠানের ব্যবস্থাপক শরীফুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। ব্যবস্থাপক তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করলে কারখানাটি সিলগালা করে দেন আদালত।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, এসএনসির বিএসটিআইয়ের লাইসেন্স নেই। সেখানে রং ও চিনি মিশিয়ে ওরস্যালাইনসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছিল।ওই ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডি ৫ নম্বর সড়কের মেহের প্লাজায় বেস্ট ফ্রাইড চিকেন নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালান। আদালত রেস্তোরাঁর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও ওষুধের গায়ে খুচরা বিক্রিয়মূল্য না লেখা থাকা সত্ত্বেও বিক্রি করার অভিযোগে কয়েকটি রেস্তোরাঁ ও ওষুধের দোকানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল নগরের সোবহানবাগ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালান। অধিদপ্তরের উপসচিব এ বি এম বদিউজ্জামানের নেতৃত্বে কর্মকর্তারা গতকাল সোবহানবাগ এলাকার সায়হাম সুইটস, হট হার্ট মিনি চাইনিজ অ্যান্ড ফাস্টফুড, কস্তুরী আর্কিড, হোটেল লাজীজ, আলীবাবা সুইটস ও নিউ হক ফামের্সিতে অভিযান চালান।