নোটিশ দেওয়া হচ্ছে বুড়িগঙ্গাসহ চার নদী দখলদারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাসহ ঢাকার পার্শ্ববর্তী চারটি নদীবক্ষ ও তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদের আগে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর এক বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের আলোকে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বুড়িগঙ্গাসংলগ্ন কামরাঙ্গীরচর ও লালবাগ মৌজায় নোটিশ পাঠানো হবে। এর ১০ দিন পর শুরু হবে উচ্ছেদ অভিযান। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।এর আগে গত ৬ এপ্রিল এক দিন অভিযান চালিয়েই বন্ধ করা হয়েছে বুড়িগঙ্গা নদীর অংশ ও তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ। ওই দিন কামরাঙ্গীরচরের নবাবচর মৌজায় অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ অনুসারে উচ্ছেদের আগে সর্বাধিক ৩০ দিন সময় দিতে হয়। জরুরি ক্ষেত্রে সময় দিতে হয় সাত থেকে ১০ দিন। এসংক্রান্ত নোটিশে দখলদারদের বলা হয়ে থাকে, এ সময়ের মধ্যে সরকারকে দখল বুঝিয়ে দেওয়ার সময় দেওয়া হলো। সে অনুসারেই চার নদীর দখলদারদের ১০ দিনের সময় দিয়ে পর্যায়ক্রমে নোটিশ দেওয়া হবে। প্রসঙ্গত, ঢাকা ও এর আশপাশের চারটি নদী-বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের উভয় তীরে প্রায় দুই হাজার পাকা ও আধাপাকা এবং চার হাজারেরও বেশি টংঘর বা বস্তিঘরসহ অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা ধরেই উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে।ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ গত বছরের ৩ জুন টঙ্গী ও মিরপুরে তুরাগ এবং নারায়ণগঞ্জ সদর ও কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালায়। সে সময় তুরাগ তীরের ১২৩টি এবং শীতলক্ষ্যা তীরের ১২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে নদীর দখল হওয়া সব জায়গা উদ্ধার না করেই সে অভিযান শেষ হয়। তা ছাড়া, ওই অভিযানে যেসব জায়গা উদ্ধার করা হয়েছিল, সেগুলোরও অনেক অংশে আবার নতুন করে স্থাপনা গড়ে উঠেছে।